শিশুসহ তিনজন নিহত
গাইবান্ধার পলাশবাড়ী, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং পটুয়াখালীর বাউফলে গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৫৭ দিনে সারা দেশে অন্তত ৪৯৪ জন প্রাণ হারালেন।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় জাভেদ মিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, উপজেলার বরিশাল ইউনিয়নের মোমিন আলীর ছেলে জাভেদ বাবার সঙ্গে দেখা করতে স্থানীয় জুনদহ বাজারে যাচ্ছিল। ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় তাকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে জাভেদ মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) পবিত্র কুমার বলেন, বৃহস্পতিবার রাতে নবগ্রাম এলাকার বগুড়া-নগরবাড়ী মহাসড়কে যাত্রীবাহী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ চারজন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় লাইলি বেগম (৫০) মারা যান। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালীর বাউফলে গতকাল সড়ক দুর্ঘটনায় মো. সেলিম খান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনের সড়কে একটি বালুভর্তি টমটম সেলিমকে ধাক্কা দেয়। পরে টমটমটির পেছনে থাকা অন্য একটি টমটম তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সেলিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, একটি মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।