বন্য হাতির আক্রমণের তিনটি পৃথক ঘটনায় চট্টগ্রামের সাতকানিয়ায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানির বিল এলাকায় এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া পঞ্চায়েতবাড়ি মাহবুবুল আলম (৩৮), কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ ঢেঁকিপাড়া এলাকার মোহাম্মদ সাকিল (১৩) ও নলুয়া ইউনিয়নের মরফলা সোলতান চেয়ারম্যানবাড়ি এলাকার শাহাদাত হোসেন (২৮)।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, বন্য হাতির একটি পাল (১৪টি) মঙ্গলবার রাতে তেমুহানির বিল এলাকায় আসে।
সকালে এ খবর ছড়িয়ে পড়লে গতকাল বেলা ১১টার দিকে এলাকার লোকজনের সঙ্গে মাহবুবুল হাতির পাল দেখতে যান। এ সময় তিনি মুঠোফোনে ছবি তোলার জন্য হাতির পালের কাছে যান। হঠাৎ হাতির আক্রমণের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিকেল পৌনে চারটা ও সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান সাকিল ও শাহাদাত। এ সময় হাতির আক্রমণে আহত হন সিএনজিচালিত অটোরিকশার চালক আবুল হাসেম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর হোসেন বলেন, ‘তিন সপ্তাহ ধরে হাতির পালটি বাজালিয়া, ছদাহা ও কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। গতকাল হাতির আক্রমণে পিষ্ট হয়ে মাহবুব, সাকিল ও শাহাদাত নামের তিনজন নিহত হয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, নিষেধ সত্ত্বেও লোকজন হাতির পালের কাছাকাছি যায়। হাতির পালকে বিরক্ত করার চেষ্টা করে। এ কারণে গতকাল নির্মমভাবে তিনজনের মৃত্যু হয়েছে।
এর আগে ৭ ডিসেম্বর বন্য হাতির আক্রমণে ছদাহা ইউনিয়নে এক কৃষক নিহত হয়েছিলেন।