বান্দরবানের লামা ও আলীকদমের দুর্গম ম্রো আদিবাসী পাড়াগুলোতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। গতকাল ও গত বুধবার লামা-আলীকদম-থানচি উপজেলার মাঝামাঝি টংপং ম্রোপাড়ায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে বলে পাড়াবাসী ও ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।
আলীকদমে সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, পানির তীব্র সংকট ও ঝিরি-ঝরনার দূষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করেছে। সেনাবাহিনীর তিনটি চিকিৎসক দল কাজ করলেও স্বাস্থ্য বিভাগের কেউ আক্রান্ত পাড়াগুলোতে যায়নি বলে ম্রোরা জানিয়েছেন।
বান্দরবানের সিভিল সার্জন মংতেঝ রাখাইন স্বাস্থ্য বিভাগের লোকজন কাজ করছে জানালেও কতজন আক্রান্ত রয়েছে এবং কতজনের মৃত্যু ও আদৌ মৃত্যু হয়েছে কি না, তার জানা নেই বলে জানিয়েছেন।
টংপংপাড়ার বাসিন্দা পাংখেং ম্রো ও রূপসীপাড়া ইউপির টংপংপাড়া এলাকার সদস্য চাই ওয়ে ম্রো বলেন, গত রোববার থেকে টংপংপাড়ায় ডায়রিয়া শুরু হয়। সেনাবাহিনীর চিকিৎসক দলের চিকিৎসায় অবস্থার কিছুটা উন্নতি হলেও তারা চলে যাওয়ার পর লোকজন আবার আক্রান্ত হয়ে পড়ে। গত দুই দিনে চাম পাও ম্রো (১০) ও চাময়েন (চার মাস) নামে দুই মেয়েশিশু ও লংথন ম্রো (৪০) চিকিৎসাবিহীন অবস্থায় মারা যান।
লামা উপজেলার রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান সাচিং মারমা ও পাংখেং ম্রো বলেন, তিনজনের মৃত্যুর পর টংপংপাড়াবাসী আতঙ্কে পাড়া ত্যাগ করে পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে।
সেনাবাহিনীর আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল আলমগীর হোসেন বলেন, শুধু টংপংপাড়ায় নয়, আরও বেশ কয়েকটি পাড়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। তাঁরা এক সপ্তাহ ধরে পুয়ামুহুরী, ক্রোকপাতা, টংপংপাড়াসহ বিভিন্ন পাড়ায় চিকিৎসা দিয়ে আসছেন। বান্দরবান ব্রিগেড সদর দপ্তর ও চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে আরও দুটি চিকিৎসক দল গতকাল ডায়রিয়ায় আক্রান্ত এলাকায় পাঠানো হয়েছে।
পানির তীব্র সংকটের কথা উল্লেখ করে সেনা কর্মকর্তারা বলেন, দুই হাজার ৬০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত দুর্গম ম্রো পাড়াগুলোর পানির উৎস শুকিয়ে গেছে। ঝিরি-ঝরনাগুলোতে জমে থাকা দূষিত পানি পান করায় তারা আক্রান্ত হচ্ছে। পানি না থাকায় সেনাবাহিনীর পক্ষেও আক্রান্ত পাড়াগুলোতে কয়েক দিন অবস্থান নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।