শিশুসহ দুই স্থানে দুটি লাশ উদ্ধার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি ডোবা থেকে রোববার এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে এক কর্মীর লাশ উদ্ধার করা হয়।ডোবা থেকে উদ্ধার করা লাশটি উল্লাপাড়া উপজেলার তরপভায়রা গ্রামের মজিদ মিয়ার ছেলে ফাহিম মিয়ার (৬)। গত শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। রোববার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মোক্তার হোসেন ও লাইলী বেগম এবং আঙ্গারু গ্রামের নাসির উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করা হয়েছে।কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা শহরের আমিন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কার্যালয় থেকে বাবুল হোসেন (৪০) নামের এক কর্মীর লাশ রোববার সকালে উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করে প্রতিষ্ঠানটির অন্তত সাড়ে চার লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় রাজীবপুর থানায় মামলা হয়েছে। বাবুলের বাড়ি শেরপুর সদর উপজেলার গৌণবুড়ুয়া গ্রামে।রাজীবপুর থানার ওসি আজিজুল হক বলেন, ধারণা করা হচ্ছে, বাবুলকে গভীর রাতে শ্বাসরোধে হত্যা করে ওই টাকা লুট করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।