শিশুসহ দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
লালমনিরহাটের হাতীবান্ধায় গতকাল মঙ্গলবার অটোরিকশার ধাক্কায় দিয়া (৩) নামের এক শিশু এবং গত সোমবার নওগাঁর সদর উপজেলায় দুর্ঘটনায় এক বাইসাইকেলের আরোহী নিহত হন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরের ২০০ গজ দূরে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দিয়াকে ধাক্কা দিলে সে রাস্তায় লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার গড্ডিমারী গ্রামের আমিনুর রহমানের মেয়ে।এদিকে গত সোমবার দুপুরে সান্তাহার-নওগাঁ সড়কের নওগাঁ সদর উপজেলার শেরেবাংলা বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে একটি চলন্ত ট্রাক্টর থেকে রডের বান্ডিল একটি বাইসাইকেলের ওপর পড়ে। এতে বান্ডিলের নিচে চাপা পড়ে বাইসাইকেলের আরোহী সামিউল ইসলামের (১৯) মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়।