শিশুসহ দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
পাবনার সদর উপজেলার নলদহ গ্রামে গতকাল সোমবার সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। একই দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাসের চালকের সহকারী নিহত হয়েছেন।পাবনায় নিহত শিশুর নাম রুপা খাতুন (৭)। তার বাবার নাম নেফাজ আলী সরদার। সে নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ছিল। গতকাল দুপুর ১২টার দিকে রুপা বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। পাবনা-সুজানগর সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর সে মারা যায়।পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের তেঁতুলিয়া উপজেলার বামনপাড়া এলাকায় গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাস পাথরবাহী একটি ট্রাক্টরকে সাইড দিতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসটির চালকের সহকারী ব্যারিস্টার (৩২) নিহত এবং কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন ও পৌর মেয়র তৌহিদুল ইসলাম সদর হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান।