শিশুসহ দুজন ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
ঢাকার সাভার পৌর এলাকায় প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে পৌর এলাকার ভাড়াটের শিশুসন্তানকে বাড়ির মালিক ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত রোববার ওই বাড়ির মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
গতকাল ওই গৃহবধূ বাদী হয়ে প্রতিবেশী যুবকের নামে সাভার মডেল থানায় মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে নিজ বাসায় রান্না করছিলেন ওই গৃহবধূ। তখন ঘরে কেউ ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। রাত সাড়ে সাতটার দিকে প্রতিবেশী ওই যুবক জোর করে ঘরে ঢোকেন এবং ধর্ষণ করে পালিয়ে যান।
গৃহবধূ জানান, প্রথমে লজ্জা ও ভয়ে বিষয়টি তিনি চেপে গিয়েছিলেন। পরে জানাজানি হয়ে যাওয়ায় থানায় মামলা করা হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তন্ময় কুমার বিশ্বাস বলেন, প্রাথমিক তদন্তের পর মামলা করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্য ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা রোববার বাড়ির মালিককে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন। থানার পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা গাড়িচালক আর তাঁর স্ত্রী পোশাক কারখানার শ্রমিক। ছয় বছরের শিশুটিকে একা রেখে তাঁরা কাজে যান। ১২ অক্টোবর দুপুরে শিশুটি টেলিভিশন দেখার জন্য বাড়ির মালিকের ঘরে যায়। তখন তিনি শিশুটিকে ধর্ষণ করেন। সন্ধ্যায় বাসায় ফিরে তাঁর স্ত্রী শিশুটিকে অসুস্থ দেখেন। পরে সে সব কথা খুলে বলে। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়ে দেওয়া হয়। শিশুটি সেখানে চিকিৎসাধীন।
শিশুটির বাবা অভিযোগ করেন, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার কতিপয় প্রভাবশালী লোক তাঁকে মামলা করতে নিষেধ করেন। পরে গোপনে গিয়ে তিনি থানায় মামলা করেছেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতাল থেকে চিকিৎসা সনদ পাওয়ার পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।