শিশুসহ দুজনকে ধর্ষণ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় তিন বছরের এক শিশু ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক কারখানার শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। দুটি ঘটনার পর এলাকাবাসী দুই যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ফতুল্লা রেলস্টেশন এলাকার তিন বছরের ওই শিশুকে বাসায় রেখে গত সোমবার সকালে পরিবারের লোকজন পোশাক কারখানায় কাজে যান। ওই দিন দুপুরে প্রতিবেশী রিয়াজ চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুর হাত-পা বেঁধে ধর্ষণ করে। গতকাল বুধবার এলাকার লোকজন রিয়াজকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ধর্ষণের অভিযোগে রিয়াজের বিরুদ্ধে মামলা হয়েছে।
এলাকাবাসী ও কালিয়াকৈর থানার পুলিশ জানায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার একটি কারখানার শ্রমিক (১৯) সোমবার দিবাগত রাত তিনটার দিকে রাতের পালার কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে বখাটে রমজান আলী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রমজান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে রমজানকে আটক করেন। পরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই শ্রমিক কালিয়াকৈর থানায় মামলা করেছেন।