শিশুসহ দুজনকে শ্বাসরোধে হত্যা
দাউদকান্দিতে গত বুধবার রাতে শিশুসহ দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। স্ত্রীর পরকীয়ার কারণে স্বামী এবং মায়ের পরকীয়ার কারণে সন্তান খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে।দাউদকান্দি থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার রাতে দাউদকান্দি উপজেলার গোলাপেরচর গ্রামের হুমায়ুন কবির (৪২) তাঁর স্ত্রী জীবননেছা ও জীবননেছার প্রেমিক পারভেজের হাতে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় খুন হন। পুলিশের জিজ্ঞাসাবাদে জীবননেছা স্বীকার করেন যে উপজেলার চরচাষী গ্রামের পারভেজের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর অবৈধ সম্পর্ক চলছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে পারভেজ জীবননেছার ঘরে এলে তাঁকে খাটের নিচে লুকিয়ে রাখেন। রাত গভীর হলে তাঁরা দুজন মিলে হুমায়ুন কবিরকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করেন। নিহত হুমায়ুন কবিরের মা গোলবাহার বেগম বাদী হয়ে দাউদকান্দি থানায় হত্যা মামলা করেছেন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল প্রথম আলোকে বলেন, পারভেজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।একই উপজেলার নিশ্চিতপুর গ্রামের প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার বুধবার রাতে সাত বছরের ছেলে শুভকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। কে বা কারা শুভকে শ্বাসরোধে হত্যা করে। ওই রাতে তাঁর ঘরের পিঁড়ায় সিঁধ কাটা হয়েছিল। এলাকাবাসী সন্দেহ করছে, শুভর মা খাদিজার প্রেমিক ঘরে ঢুকলে হয়তো শিশু শুভ কোনো অনৈতিক ঘটনা দেখে ফেলে। আর তাই শুভকে জীবন দিতে হয়েছে। দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম বলেন, শুভর মা খাদিজাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।