বাবার মোটরসাইকেল শখ করে নিজে চালিয়ে স্কুলে গিয়েছিল টাঙ্গাইলের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র শাহাদত হোসেন (১৩)। স্কুল শেষে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় নিহত হয় সে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার পর্যন্ত সড়ক দুর্ঘটনায় শাহাদত হোসেনসহ দেশের পাঁচটি স্থানে মোট পাঁচজন নিহত হয়েছেন।
এ নিয়ে গত ৭২ দিনে দেশের বিভিন্ন স্থানে নিহতের সংখ্যা দাঁড়াল ৬২৯। সংশ্লিষ্ট এলাকা থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাহাদত হোসেন (১৩) উপজেলার বেড়বাড়ি কলাবাগান এলাকার মো. শামীম বেগের ছেলে। সে স্থানীয় সান একাডেমিতে পড়ত।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে আড়ালিয়া পাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠালগাছের সঙ্গে ধাক্কা খায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর সে মারা যায়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুটানিবাজার এলাকায় গতকাল বিকেলে ট্রাকের ধাক্কায় খাতিজা খাতুন (৭) নামের একটি শিশু নিহত হয়েছে। সে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাতাইল বাতাইল গ্রামের খলিলুর রহমানের মেয়ে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক খাতিজাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল মান্নান (৭০)। তিনি স্থানীয় জিংলাতলী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ ঘটনার শিকার বাসটি ঢাকা যাচ্ছিল।
চুয়াডাঙ্গায় মালবাহী দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাপ্পী হোসেন (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকেলে শহরে প্রধান ডাকঘরের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাপ্পী হোসেন সদর উপজেলার আলোকাদিয়া ইউনিয়নের দৌলাতদিয়ার গ্রামের দক্ষিণপাড়ার বাদল হোসেনের ছেলে।
এর আগে শনিবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালী নামক স্থানে ব্যাটারিচালিত অটো ভ্যানের সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেলের চালক নিহত হয়েছেন। তাঁর নাম আবদুস সালাম (৫১)। তিনি উত্তরাঞ্চল ট্যাংকলরি সমবায় সমিতির হিসাবরক্ষক ছিলেন।