মাদারীপুর, নওগাঁ, গোপালগঞ্জ ও পাবনার ফরিদপুরে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর: সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সদর উপজেলার মস্তফাপুর বড় ব্রিজ এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। উত্তেজিত এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত ব্যক্তিদের নাম দুলাল কাজী (৩৫) ও শাওন (৭)। নওগাঁ: সকাল সাড়ে নয়টার দিকে নওগাঁ-রাজশাহী সড়কের মহাদেবপুর উপজেলার বাগচাড়া নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল উল্টে ঘটনাস্থলেই এর চালক ফারুক হোসেন (২৮) মারা যান। গোপালগঞ্জ: দুপুরে শহরের মান্দারতলায় বাসচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মনসুর খানের (৫০) বাড়ি সদর উপজেলার ঘোষগাতী গ্রামে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।সিরাজগঞ্জ: সকাল সাড়ে ১০টায় পাবনার ফরিদপুর উপজেলার বাঘাবাড়ী-ভাঙ্গুড়া সড়কে ট্রাকের নিচে চাপা পড়ে সাথী খাতুন (২২) নামে এক গৃহবধূ নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত গৃহবধূ ফরিদপুর উপজেলার থানাপাড়া গ্রামের মিলন হোসেনের স্ত্রী। দুর্ঘটনায় মিলন হোসেনও আহত হয়েছেন।