শিশুসহ পাঁচ জেলায় আটজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া, বাগেরহাটের চিতলমারী ও খুলনার ডুমুরিয়ায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় সাতজন এবং চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের গোমদণ্ডী স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন জানান, গতকাল ভোররাতের দিকে ভূরুঙ্গামারী থেকে বগুড়া যাওয়ার পথে উপজেলার আন্ধারীঝাড় এলাকায় গরুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুলাল (৬০), আমীর (৫৫) ও হান্নান (৫০) মারা যান। গুরুতর আহত মুয়াজ্জিন (৫৫) ও সোহেলকে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এ সময় দুটি গরুও মারা যায়। সিরাজগঞ্জ: গতকাল দুপুর দেড়টার দিকে চাটমোহর থেকে বগুড়াগামী বি-নগর নামের একটি যাত্রীবাহী বাস নগরবাড়ী-বগুড়া সড়কের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউপির সামনে একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে চালক শাহজাহান আলী (৬০) রিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর বাড়ি উল্লাপাড়া উপজেলার হাটিপাড়া গ্রামে।গতকাল বেলা দুইটার দিকে সিরাজগঞ্জ শহরের জজকোর্ট মসজিদের সামনে একটি বাস অজ্ঞাতনামা এক শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে সলঙ্গা ও সদর থানায় পৃথক মামলা হয়েছে। বাগেরহাট: চিতলমারী উপজেলার ডুমুরিয়া গ্রামের অলোক মণ্ডল (১৮) আত্মকর্মসংস্থানের জন্য গত মঙ্গলবার একটি নসিমন কিনে আনেন। গতকাল সকালে বাড়ির সামনের রাস্তায় নসিমন চালানোর প্রশিক্ষণ নেওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ডুমুরিয়া: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খুলনা থেকে পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাস গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার টিপনা শেখবাড়ি মোড়ে অপর একটি বাসকে অতিক্রম করার সময় বিপরীতমুখী একটি ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাহাজুদ্দিন গাজীর (৩৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি উপজেলার খর্ণিয়া গ্রামে। বোয়ালখালী: গোমদণ্ডী স্টেশনের কাছে গত মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে একটি চলন্ত ট্রেন থেকে নামার সময় ধাক্কা লেগে নুরুল আবছার (৪৫) ট্রেনের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ কধুরখীল গ্রামে।