শিশুসহ পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। একই দিন সাতক্ষীরার তালা, যশোরের মনিরামপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:দাউদকান্দি (কুমিল্লা): উপজেলার রাজারহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি মাইক্রোবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রাতুল (৬) ও শাহ আলমের ছেলে শাওন (৫) নিহত হয়।সাতক্ষীরা: তালা-পাইকগাছা সড়কের আলাদিপুর এলাকায় গতকাল ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মো. মনির সানা (৩৪) নিহত হন। তাঁর বাড়ি খুলনার কয়রা উপজেলার চাঁদআলী গ্রামে। মনিরামপুর (যশোর): মনিরামপুর পৌরশহরের গরুহাট মোড়ে বৃহস্পতিবার শ্যালোইঞ্জিনচালিত আলম সাধুর ধাক্কায় শান্ত ঘরামী (৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়। সে পৌরশহরের গাংড়া গ্রামের সাধন ঘরামীর ছেলে।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের পাশে বৃহস্পতিবার ট্রাকের চাপায় অজ্ঞাতনামা (৩৫) এক পথচারী নিহত হন। তাঁর পরণে ডোরাকাটা লুঙ্গি ও সাদা চেক শার্ট ছিল। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কমলগঞ্জ (মৌলভীবাজার): শমশেরনগর-কমলগঞ্জ সড়কের নূরুল আমীন ফিলিং স্টেশন এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় মো. আরজদ মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়। সে পাশের ঈদগাহটিলার মৃত আসদ মিয়ার ছেলে।