শিশুসহ ফরিদপুর গোপালগঞ্জ বরিশাল কুষ্টিয়ায় চারজন খুন
ফরিদপুরে এক ব্যক্তি খুন হয়েছেন। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে অভিযুক্ত সন্ত্রাসীদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ ছাড়া বরিশালে এক স্কুলছাত্র রহস্যজনকভাবে খুন এবং গোপালগঞ্জের মুকসুদপুরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালীতে এক শিশুকে হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর : ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের হাড়োকান্দি এলাকায় গত রোববার রাত সাড়ে সাতটার দিকে আলী আশরাফ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে পাঁচজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। রাত তিনটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তাঁর মৃত্যু হয়।আশরাফের বোন সুইটি জানান, দুটি মোটরসাইকেলে করে এসে এলাকার রতন খন্দকার, মাসুম মৃধা, রাজীব সিকদারসহ পাঁচজন আশরাফ মিয়ার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শী শেখ কুদ্দুস জানান, গতকাল সোমবার সকাল পৌনে আটটার দিকে আশরাফের মরদেহ হাড়োকান্দিতে তাঁর বাড়িতে পৌঁছালে এলাকার প্রায় দুই হাজার বিক্ষুব্ধ মানুষ অভিযুক্ত রতনের বাড়িতে হামলা চালিয়ে একটি আধাপাকা ও দুটি টিনশেড ঘরে অগ্নিসংযোগ করে। সাড়ে আটটার দিকে গ্রামবাসী মাসুমের বাড়িতে হামলা চালিয়ে একটি আধাপাকা ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ ছাড়া সকাল নয়টার দিকে রাজীবের বাড়িতে হামলা চালিয়ে রান্নাঘরসহ দুটি আধাপাকা ঘর পুড়িয়ে দেয়। পরে ফরিদপুর থোকে দমকল বাহিনীর দুটি ইউনিট দুই দফায় এলাকায় গিয়ে আগুন নেভায়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের ধরার জন্য জোরদার চেষ্টা চলছে।’বরিশাল: রোববার রাত দেড়টার দিকে নগরের কাউনিয়া ক্লাব রোডের ভাড়াবাড়িতে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করা হয়েছে জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র রাশেদুল ইসলামকে (১৪)। রাশেদুল স্কুলশিক্ষক গোলাম রহমান এবং ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা শিউলী ইয়াসমিনের ছেলে।এ ঘটনায় গতকাল সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির কাজের মেয়ে কাজল বেগমকে আটক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যরাই এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। একারণে পুলিশ বাদি হয়ে রাশেদুলের বাবা, মা এবং কাজের মেয়ে কাজল বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা করেছে। গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে গতকাল সংঘর্ষে ইয়ার আলী দেওয়ান (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে ভাবড়াশুর গ্রামে নিজ বাড়ির আঙিনায় সংঘর্ষে তিনি আহত হন। দুপুরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির ওপর দিয়ে হাঁস-মুরগি যাওয়া নিয়ে চাচাতো ভাই আহাদ আলী দেওয়ানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি এবং উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটের আঘাতে ইয়ার আলী দেওয়ান ও তাঁর দুই ছেলে আহত হন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।কুষ্টিয়া: কুমারখালী উপজেলার ভবানীপুর গ্রামে দুই মাসের এক শিশুকে হত্যার অভিযোগে তার মা মাসুরা খাতুনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় ভবানীপুরে সাইদুল ইসলামের বাড়ির পাশে জলাশয়ে দুই মাসের শিশু তুহিনের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুর বাবা সাইদুল ইসলামের অভিযোগ, তাঁর স্ত্রী মাসুরা খাতুন শিশুটিকে হত্যা করে লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। কুমারখালী থানায় মাসুরা খাতুন সাংবাদিকদের বলেন, দুধ পানের সময় শিশুটি গলায় দুধ আটকে মারা যায়। তারপর দিশেহারা হয়ে তাকে জলাশয়ে ফেলে দেওয়া হয়।