গোপালগঞ্জের মুকসুদপুর, কুমিল্লার দাউদকান্দি, সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া গত শুক্রবার যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের চণ্ডীবদ্দি গ্রামে গতকাল দুপুরে একটি যাত্রীবাহী বাস ও একটি নছিমনের সংঘর্ষে চারজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হচ্ছেন ফরিদপুরের নগরকান্দার কামারদিয়া গ্রামের মজিবর খান (৫৫), মুকসুদপুরের উত্তর চণ্ডীবদ্দি গ্রামের অরুণ বণিক (৫০), কৃষ্ণাদিয়া গ্রামের মাহাবুব হোসেন (১৮) ও হাসিব (১৪)। নিহত ব্যক্তিরা নছিমনের যাত্রী।মুকসুদপুর থানার ওসি লিয়াকত আলী জানান, সংঘর্ষে নছিমনটি দুমড়ে-মুচড়ে গেছে। আর যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেছে।দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে গতকাল বেলা একটার দিকে একটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক নাজমুল (৩৫) নিহত হন। আহত হয়েছেন বাসের পাঁচজন যাত্রী।রায়গঞ্জ (সিরাজগঞ্জ): ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলায় দাথিয়া সেতুর কাছে গতকাল ভোর পাঁচটার দিকে একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১-০৯০০) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক শিশু (৩ মাস) নিহত হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন।যশোর: যশোর-সাতক্ষীরা সড়কের সদর উপজেলার কানাইতলা এলাকায় গত শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসচালকের সহকারী আজগর আলী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বাসটি মনিরামপুরে যাওয়ার পথে কানাইতলা মোড়ে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।