সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নিহত হয়েছেন সাতজন। গত রোববার থেকে গতকাল সোমবার পর্যন্ত এসব দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও একটি শিশুও রয়েছে। এ নিয়ে সারা দেশে গত ৫৩ দিনে অন্তত ৪৭০ জন প্রাণ হারালেন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গত রোববার সড়ক দুর্ঘটনায় জেসমিন বেগম (৩০) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে কলনী বাজার এলাকায় জেসমিন ভান্ডারিয়া-চরখালী সড়ক পার হচ্ছিলেন। একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামসুল আলম বলেন, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় গতকাল সকালে বালুভর্তি একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। শিশুটির লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত দিয়া সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদী এলাকার আনোয়ার সাদেকের মেয়ে।
টাঙ্গাইলের সখীপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় আবদুল বারেক (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে সখীপুর-কচুয়া সড়কের শৌখিন মোড় এলাকায় বারেকের মোটরসাইকেলের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকায় গতকাল ফেনী-নোয়াখালী সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ছেমনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খুলনার খালিশপুর থানার ওসি আমির তৈমুর বলেন, গতকাল বিকেলে নগরের বৈকালী এলাকায় শেখ আবু নাসের স্টেডিয়ামের সামনে একটি জিপগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর (যাত্রী পরিবহনকারী ছোট গাড়ি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং সাত যাত্রী আহত হন। পরে আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। নিহত একজনের নাম তিনু মল্লিক (৫০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরের লতিফিয়া কামিল মাদ্রাসা এলাকায় একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় কাইয়ুম তালুকদার (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।