শিশুসহ সাতজন নিহত সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ, ময়মনসিংহের গৌরীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। তিনটি স্থানেই ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর চালান ও অগ্নিসংযোগ করেন। এতে সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হন ঈদে ঘরমুখী মানুষ।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। তাঁরা হলেন অটোরিকশাচালক ওসমানীনগরের তাজপুর ইউনিয়নের ছুরতপুর গ্রামের লেখন মিয়া (৩৮), অটোরিকশার যাত্রী লাল কৈলাস গ্রামের অলত দেব (২৫), বালাগঞ্জের আদিত্যপুর গ্রামের খাজা আবদুর রাজ্জাক (৬৫), খারমাপুর গ্রামের আবদুল আলিম (২০) ও ময়মনসিংহের নান্দাইলের আঞ্জু মিয়া (৫০)। গত মঙ্গলবার ঈদের আগের দিন রাত ১০টায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ও বালাগঞ্জের তাজপুরগামী অটোরিকশার মধ্যে এ সংঘর্ষের পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। রাত ১১টার দিকে ওসমানীনগর থানার পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। বাসের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা হয়েছে।
ময়মনসিংহ: গৌরীপুর উপজেলায় মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় আশিক মিয়া (১২) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের আরশেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মৃত্যুর পরপরই এলাকাবাসী সড়কটি অবরোধ করেন। তাঁরা বাসচালককে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে কয়েকটি দোকান ভাঙচুর করেন। গাছের গুঁড়ি ফেলে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বাসচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সরাইল: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ডে বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের চাপায় হানিফ ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি আশুগঞ্জ উপজেলার কামাউড়া গ্রামের কুতুব উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা দুর্ঘটনার প্রতিবাদে এবং ওই বাসস্ট্যান্ডে গতিরোধক নির্মাণের দাবিতে বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। পরে সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী গতিরোধক নির্মাণের সুপারিশ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। গতিরোধক নির্মাণের বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে ওসি জানান।