শিশুসহ ১৩ জনের প্রাণ গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোরে ঘুম থেকে তুলে মো. কামরুলকে (ডানে) জানানো হয়, তাঁর ছোট ভাই নেজাম চট্টগ্রাম শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সাতকানিয়া থেকে তিনি ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল দুপুর সাড়ে ১২টায় মর্গের সামনে ভাইয়ের লাশের অপেক্ষায় তিনিসহ স্বজনেরা l ছবি: প্রথম আলো
ভোরে ঘুম থেকে তুলে মো. কামরুলকে (ডানে) জানানো হয়, তাঁর ছোট ভাই নেজাম চট্টগ্রাম শহরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সাতকানিয়া থেকে তিনি ছুটে আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল দুপুর সাড়ে ১২টায় মর্গের সামনে ভাইয়ের লাশের অপেক্ষায় তিনিসহ স্বজনেরা l ছবি: প্রথম আলো

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১৩ জন প্রাণ হারিয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এসব দুর্ঘটনা ঘটে।

এ নিয়ে গত ১৮৫ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১ হাজার ৭৭৪ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রাম নগরের শহীদ লেন সাইনবোর্ড এলাকায় গতকাল ভোরে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তাঁরা হলেন নেজাম উদ্দিন (২৯), রেজাউল করিম (২৪) ও কামরুল ইসলাম (২৬)। তাঁরা নগরের আগ্রাবাদে ফুটপাতে কাপড় এবং বিরিয়ানি বিক্রি করতেন।

পুলিশ বলেছে, ওই তিন যুবক আগের রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ভোরে তাঁরা মোটরসাইকেলে করে ইস্পাহানি রেলক্রসিং পেরিয়ে শহীদ লেন সাইনবোর্ড এলাকার মোড় পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তাঁরা তিনজন নিহত হন।

রাজশাহী নগরের শাহ মখদুম থানা এলাকার পাবনাপাড়ায় গতকাল দুপুর ১২টার দিকে সড়ক পার হচ্ছিল পাঁচ বছরের শিশু মনীষা। এ সময় একটি অ্যাম্বুলেন্স তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা ভোলার বাপের মসজিদ এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে দুপুরে লক্ষ্মীপুরগামী বাসের চাপায় ঘটনাস্থলে মারা যায় সামিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী। সামিয়ার দাদা মো. আবদুল খালেক বলেন, বেলা একটার দিকে সামিয়া তার খালাকে রিকশায় তুলে দিয়ে বাসস্টেশনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। তখন বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়।

কুমিল্লা নগরের কাপ্তানবাজার পাকার মাথা এলাকায় বেলা ১১টার দিকে একটি প্রাইভেট কারের চাপায় মারা যান খাদিজা আক্তার (২৫) ও তাঁর ভাতিজি জান্নাতুল ফেরদৌস (৫)। এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারা যান বুলু বেগম (৪৫)। তাঁর বাড়ি তিতাসের একলারামপুর গ্রামে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় গতকাল সকালে মামলার তদন্তকাজ করতে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পুলিশের উপপরিদর্শক মো. দবির উদ্দিনের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি কালিয়াকৈর থানায় কর্মরত ছিলেন।

গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়ায় পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক মিলন মিয়া (২৩) মারা গেছেন।

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোড় নামক স্থানে দুপুরে বাসের চাপায় লাল বানু নামে এক নারী মারা গেছেন। তাঁর বাড়ি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামে।

যশোরের মনিরামপুর উপজেলার চারাবটতলা এলাকায় পিকআপের ধাক্কায় দুপুরে তারেক রহমান (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে। এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. রাকিব (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সে পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।