
শিশুদের মননশীলতার বিকাশে শিশুসাহিত্যে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী চন্দ্রাবতী শিশুসাহিত্য সম্মেলন। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেিম মিলনায়তনে শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘুরেফিরে এসেছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ।
সম্মেলনে দেশের তিন জনপ্রিয় শিশুসাহিত্যিক এখ্লাসউদ্দিন আহ্মদ, সুকুমার বড়ুয়া ও মুহম্মদ জাফর ইকবালকে সম্মাননাসূচক উত্তরীয় পরিয়ে দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
অনুষ্ঠানে সঞ্চালনা করতে গিয়ে শিশুসাহিত্যিক আলী ইমাম প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উত্থাপন করে বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিয়েছে। জাফর ইকবাল সাহেব প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়ে অনশন শেষে অনুষ্ঠানে এসেছেন।’
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘অধ্যাপক জাফর ইকবাল আমার অত্যন্ত ঘনিষ্ঠজন। তিনি নতুন প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় লেখক। আশা করি তিনি শিশুদের জন্য আরও বেশি লিখবেন।’
এরপর শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বলেন, ‘আওয়ামী লীগের সাড়ে পাঁচ বছরের শাসনে কোনোবারই প্রশ্নপত্র ফাঁস হয়নি। সম্প্রতি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর আমরাই তা ধরেছি। পরীক্ষা বাতিল করেছি।’ তিনি বলেন, ‘প্রযুক্তির এই যুগে লাখ লাখ প্রশ্ন ছাপিয়ে তা দুই-তিন মাস খামের ভেতরে কীভাবে ভরে রাখা সম্ভব তা নিয়ে আমাদের ভাবতে হবে। প্রযুক্তিবিদদের এ বিষয়ে আমাদের পথ দেখাতে হবে।’
অনুষ্ঠানে ড. আনিসুজ্জামান বলেন, ‘জল পড়ে পাতা নড়ে’—ছড়ার এমন ছন্দ শিশুদের মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুসাহিত্যচর্চা জাতির মানস গঠনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বলে মনে করেন তিনি৷
অধ্যাপক জাফর ইকবাল বলেন, ‘এখলাসউদ্দিন ও সুকুমার বড়ুয়ার লেখা পড়ে আমি বড় হয়েছি। তাঁদের সঙ্গে আমিও পুরস্কার পাব তা কল্পনা করতে পারিনি।’
অনুষ্ঠানে চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল, সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মাহফুজুর রহমান ও সম্মেলনের সহায়তাকারী প্রতিষ্ঠান এবি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপক মশিউর রহমান চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলা শিশুসাহিত্য প্রকাশনার ইতিহাস, আলোর নাচন পাতায় পাতায় শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।