শিশুস্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন আজিজা
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও অস্কারজয়ী মার্কিন অভিনেতা ও পরিচালক বেন অ্যাফ্লেককে পাশে পেয়েও তেমন অবাক হননি হবিগঞ্জের স্বাস্থ্যকর্মী আজিজা বেগম। তাঁর কাজের স্বীকৃতি এ শক্তি জুগিয়েছে তাঁকে। এঁদের সঙ্গে এক সারিতে দাঁড়িয়ে আজিজা আন্তর্জাতিক শিশুস্বাস্থ্যসেবা পুরস্কার (গ্লোবাল চাইল্ড সার্ভিস) গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে।
নবজাতক শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আজিজা বেগমকে এই পুরস্কার দেওয়া হয়। আজিজা হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্যসেবাকেন্দ্রের একজন স্বাস্থ্যকর্মী। গত ১৯ নভেম্বর আজিজার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিৎজার পুরস্কার জয়ী নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিক নিকোলাস ক্রিস্টফ।
আজিজার সঙ্গে টনি ব্লেয়ারকে তাঁর দারিদ্র্যবিরোধী প্রচারণা কর্মসূচি ‘মেক পভার্টি হিস্ট্রি’র জন্য গ্লোবাল লিগ্যাসি অ্যাওয়ার্ড দেওয়া হয়। কঙ্গোতে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য একই পুরস্কার পান বেন অ্যাফ্লেক।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের ইলোমিনেশন গালায় এই তিনজনকে পুরস্কৃত করা হয়। নিউইয়র্কের দ্য প্লাজা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক অতিথি ছিলেন।
আজিজা বেগম তাঁর প্রতিক্রিয়া জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘কাজের এ স্বীকৃতি অজপাড়াগাঁ থেকে আমেরিকায় নিয়ে গিয়েছিল। এ পুরস্কার কাজের প্রতি আরও উৎসাহ জোগাবে।’ আজিজা জানান, প্রায় ২০ বছর ধরে তিনি এ কাজে নিজেকে জড়িত রেখেছেন। আজিজার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়।
সেভ দ্য চিলড্রেন সূত্র জানায়, এই সংস্থা সরকারি স্বাস্থ্য কর্মসূচির সহায়তার জন্য আজিজা বেগমকে ২০১১ সাল থেকে মা-মণি প্রকল্পের অধীনে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ দেয় শিবপাশা ইউনিয়ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে।