শিশুস্বাস্থ্যের জন্য কৃত্রিম শিশুখাদ্য বড় হুমকি
কৃত্রিম শিশুখাদ্য শিশুস্বাস্থ্যের জন্য বড় হুমকি। মায়ের দুধ ও বাড়ির খাবার শিশুর জন্য নিরাপদ। বাজারের গুঁড়ো দুধ সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়। এসব তথ্য বারবার বছরের পর বছর মানুষকে জানতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা গণমাধ্যমের।গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে শিশুখাদ্যের বিষয়গুলো মূলধারায় নিয়ে আসার ব্যাপারে এক কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় পুষ্টিবিদ ও শিশুচিকিৎসকেরা এ কথা বলেন। এলাইভ অ্যান্ড থ্রাইভ এবং ইমিনেন্স নামের দুটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) নিজ কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে।শিশুস্বাস্থ্যবিদ এম কিউ কে তালুকদার বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ একাধিক প্রতিষ্ঠান বলেছে, টিন বা কৌটার দুধ সম্পূর্ণভাবে জীবাণু মুক্ত করার মতো প্রযুক্তি নেই। শিশুস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে আসছে আরইউটিএফ (রেডি টু ইউজ থেরাপিউটিক ফুড)। অপুষ্টির শিকার শিশুদের চিকিৎসায় এসব কৃত্রিম খাদ্য ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, এসব বিষয়ে মানুষকে তথ্য দেওয়া এবং সচেতন করার অন্যতম প্রধান দায়িত্ব গণমাধ্যমের।অনুষ্ঠানে বলা হয়, জন্মের পর থেকে প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ দিতে হবে। ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে ২৪ মাস বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি বাড়ির হাঁড়ির খাবার শিশুকে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও নবজাতক চিকিৎসক মো. সহীদুল্লা বলেন, ‘মা চিকিৎসা নিতে এসে বলেন পর্যাপ্ত দুধ শিশুকে দিতে পারছেন না। নানি-দাদিরা জানতে চান, কোন কোম্পানির কৌটার দুধ ভালো। এই মানসিকতা পরিবর্তন করতে পারে গণমাধ্যম।’আইপিএইচএনের পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী বলেন, শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে মায়ের পুষ্টির ব্যাপারে নজর দিতে হবে। শিশুখাদ্যের ব্যাপারে সচেতনতা বাড়লে শত কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি বন্ধ হবে।বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হানিফ বলেন, জন্মের পর নির্মল পরিবেশ ও পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য পাওয়ার অধিকার রয়েছে প্রতিটি শিশুর। শাল দুধ শিশুর টিকার কাজ করে। তিনি বলেন, কিছু ক্ষেত্রে বিজ্ঞাপনের বিরূপ প্রভাব পড়ে শিশুস্বাস্থ্যের ওপর। শিশুবিশেষজ্ঞরা বলেন, সহায়তা করলে প্রত্যেক মা শিশুকে বুকের দুধ দিতে পারেন। বাজারে দেশি যেসব শাকসবজি ফলমূল মাছ ডাল পাওয়া যায়, তা দিয়েই বাড়িতে ৭-২৪ মাস বয়সী শিশুর খাদ্য তৈরি করা সম্ভব। শিশুর জন্য বাজারের কৌটার খাবার কেনার কোনো দরকার নেই।কর্মশালায় বাংলাদেশ টেলিভিশন এবং একাধিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ও সংবাদপত্রের প্রতিনিধিরা অংশ নেন। গণমাধ্যমের কর্মীরা ভবিষ্যতে শিশুখাদ্যের বিষয়ে কী কাজ করতে চান, সে বিষয়ে বক্তব্য তুলে ধরেন।