শিশুহত্যা, অপহরণের চেষ্টার ঘটনায় শরীয়তপুরে শঙ্কা
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভার নিরালা আবাসিক এলাকা থেকে জান্নাতুল ইসলাম (৮) নামের এক শিশুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্ট করা হয়। শিশুটি স্থানীয় পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই মহল্লার জামাল বেপারি ও রুমা আক্তার দম্পতির মেয়ে।
গত কয়েক দিনের ব্যবধানে দুই শিশুহত্যা, অঙ্গ খোয়া যাওয়া, শিশু নিখোঁজ থাকা ও অপহরণের চেষ্টার ঘটনায় শরীয়তপুরের মানুষের মনে শঙ্কা ও আতঙ্ক দেখা দিয়েছে। জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ও অপরাধী চক্রকে শনাক্ত করতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় তল্লাশিচৌকি বসানো হয়েছে।
জান্নাতুলের মা রুমা বেগম বলেন, সকালে হালকা বৃষ্টি হচ্ছিল, এ কারণে জান্নাতুল স্কুলে যায়নি। সাড়ে ১১টার দিকে তাকে মহল্লার দোকানে পাঠিয়েছিলেন। বাসা থেকে দোকানে যাওয়ার পথে অপরিচিত এক নারী বিস্কুট ও চকলেট দিতে চান। তখন জান্নাতুল তা নেয়নি। ওই নারী ব্যাগ থেকে কিছু একটা বের করতে গেলে জান্নাতুল দৌড়ে পাশের বাড়িতে গিয়ে ঢোকে। সেখান থেকে তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই নারী। এ সময় জান্নাতুলের চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এলে ওই নারী দৌড়ে পালান।
২২ জুলাই সখীপুর ছৈয়ালকান্দি গ্রাম থেকে লিজা আক্তার (১০) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রীর শরীরে কিডনি, লিভার, ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গ পাওয়া যায়নি। ২৪ জুলাই সদর উপজেলার পশ্চিম ভাষানচর এলাকা থেকে ওসমান গনি (১২) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়। তার বাঁ চোখ পাওয়া যায়নি। ৭ জুলাই সখীপুর ডিএমখালী ওহাব ঢালীকান্দি গ্রামের মাদ্রাসাছাত্র সিয়াম মাহমুদ নিখোঁজ হয়। ২২ জুলাই শরীয়তপুর-নড়িয়া সড়কের কুরাশি এলাকা থেকে মাইক্রোবাসে করে শহরের কালেক্টরেট পাবলিক হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র নুরে আলম রাব্বিকে অপহরণের চেষ্টা করা হয়। বুদ্ধি খাটিয়ে নুরে আলম অপহরণ চক্রের কবল থেকে পালিয়ে আসে। ২৩ জুলাই বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল জাজিরা উপজেলার হারান টুনিকান্দি গ্রামের ইলিয়াছ বেপারির ছেলে ইয়াহিয়া বেপারি (১১)। সকাল সাড়ে আটটার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে পৌঁছালে অপরিচিত এক ব্যক্তি তাকে অচেতন করে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যার দিকে যখন তার চেতনা ফিরে আসে, তখন কান্নাকাটি শুরু করলে ঢাকার খিলখেত এলাকায় পথচারীরা তাকে উদ্ধার করে থানায় পৌঁছে দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাড়ি নিয়ে আসে।
সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বলেন, ‘শিশু নিখোঁজ হলো, তার লাশ উদ্ধার হলো। এটাই অনেক উদ্বেগের। তার ওপর ওই শিশুর কিডনি, লিভারসহ গুরুত্বপূর্ণ অঙ্গ পাওয়া যায়নি। এটা যে আমাদের মাঝে কতটা আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে, তা বলে বোঝাতে পারব না! এ এলাকার প্রত্যেক অভিভাবক আতঙ্কের মধ্যে তাঁদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন।’
নুরে আলমের মা রাবেয়া বেগম বলেন, ‘ওই ঘটনার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। ছেলেকে স্কুলেও পাঠাচ্ছি না।’ শরীয়তপুর শহরের কালেক্টরেট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক আরিফ উদ্দিন আহমেদ বলেন, এভাবে শিশু নিখোঁজ হওয়া, তাদের লাশ উদ্ধার হওয়া উদ্বেগজনক। তার ওপর তাঁর বিদ্যালয়ের এক ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনাটি বিদ্যালয়ের সব শিশু ও অভিভাবকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
জানতে চাইলে শরীয়তপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এহসান শাহ প্রথম আলোকে বলেন, ঘটনাগুলো খুব কাছাকাছি সময়ে ঘটে যাওয়ার কারণে মানুষের মনে শঙ্কা সৃষ্টি হয়েছে। এসব বিচ্ছিন্ন ঘটনা, আতঙ্কিত হওয়ার মতো কোনো ব্যাপার নয়। মানুষ যাতে স্বস্তিতে থাকতে পারে, নিরাপত্তার ঘাটতি অনুভব না করে, সে জন্য পুলিশ কাজ করছে। সব কটি ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে।