দেশে প্রতিনিয়ত ঘটে চলা শিশুহত্যার মতো নৃশংসতা বন্ধে দুই ধরনের পথে এগোতে হবে। এক. বিচারিক, দুই. সামাজিক। সমাজবিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে এ সংকট থেকে উত্তরণের জন্য সামাজিক সমাধানের পথ খুঁজে বের করতে হবে বলে মত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও তৃতীয় অ্যালামনাই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, ‘৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। পৃথিবীর যেকোনো দেশে বাংলাদেশের কথা বললে তারা আমাদের দেশের ’৭১-এর মুক্তিযুদ্ধের কথা প্রথমেই স্মরণ করে। আর সেই জায়গায় আমাদের দেশে কিছু মানুষ পাওয়া যাবে, কিছু রাজনীতিবিদ পাওয়া যাবে, যাঁরা এখনো পাকিস্তানপন্থী রাজনীতি করছেন।’
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, বিভাগের সাবেক শিক্ষক ফজলুর রশীদ খান, খালিদ হাসান, আহবাব আহমেদ ও আবদুল কাদির ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা আরজুমান্দ বানু।
পরে দ্বিতীয় অধিবেশনে ‘স্টেট অব ইমপারটিং এডুকেশন ইন দ্য ডিপার্টমেন্ট অব সোসিওলজি: চ্যালেঞ্জ অ্যান্ড অপারচুনিটি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম।