শিশুহত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
রাজধানীর ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘ও’ লেভেলের ছাত্র আম্মার সামশীকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জিয়াউর রহমান, আলমগীর ও সালাউদ্দিন। একই সঙ্গে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। আদালত আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেন, দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই ধরনের মামলার আসামিদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে এ ধরনের নির্মম, নৃশংস হত্যাসহ এ-জাতীয় অভিশাপ থেকে সমাজকে মুক্তি দেওয়া সম্ভব নয়। রায়ে বলা হয়, ২০০০ সালের ১৬ অক্টোবর লালবাগের ব্যবসায়ী তৌফিক শামসের ছেলে আম্মারকে অপহরণ করে গাজীপুরের ন্যাশনাল পার্কে নিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। আসামিরা মুক্তিপণ না পাওয়ায় পরিকল্পনা অনুযায়ী শিশু আম্মারকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন। ওই বছরের ২৫ অক্টোবর আসামি সালাউদ্দিন ও আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এঁদের একজন মোস্তফা আলমাস ওরফে বাপ্পী সুপ্রিম কোর্ট থেকে অব্যাহতি পান। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে আনা দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারার অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় জিয়াউর রহমান, আলমগীর ও সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।
রায়ে আরও বলা হয়, আসামিপক্ষ রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি মাহফুজুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন ফজলুর রহমান মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১৬ অক্টোবর আজিমপুর বসে আম্মার শামসকে হত্যার পরিকল্পনা করা হয়। ১৯ অক্টোবর তার বাবা তৌফিক শামস লাগবাগ থানায় মামলা করেন। মামলায় জিয়াউর রহমান, সালাউদ্দিন, আলমগীর ও মোস্তফা আলমাসকে আসামি করা হয়। ২০০১ সালের ৩১ জুলাই অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০২ সালের ২৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।