শিশুহত্যাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেছেন, সম্প্রতি কয়েকটি ঘটনায় দেখা যাচ্ছে, শিশুরা জনসমক্ষে নির্যাতনের শিকার হচ্ছে এবং তাদের মেরে ফেলা হচ্ছে। প্রশ্ন হলো, অপরাধকারীরা প্রকাশ্যে এতটা বর্বর আচরণ করার সাহস কীভাবে পাচ্ছে? এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিএনডব্লিউএলএ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বক্তারা বলেন, একটি নৃশংস ঘটনা ঘটলে তার পরপরই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বলা যায়, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও বিকৃত মানসিকতার কারণে অপরাধকারীরা নৃশংস ও নির্মম অপরাধ করে অসুস্থ বিনোদনে মেতে উঠছে।
সংবাদ সম্মেলনে সিলেটের রাজন, খুলনার রাকিবসহ কয়েকটি নৃশংস ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, শিশুদের ওপর যে ধরনের ঘটনা ঘটছে তা ভয়াবহ ও উদ্বেগজনক। বাস্তবতা হচ্ছে যুগোপযোগী অনেক আইন থাকলেও তার প্রয়োগ নেই বললেই চলে। সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও নজরদারির অভাবে এমনটা ঘটছে। নিষ্ঠুরতা ও পৈশাচিকতার মূল কারণগুলো বের করে পদক্ষেপ নেওয়ার সময় এখনই। সেই সঙ্গে আইনের সুষ্ঠু প্রয়োগই হতে পারে এর সমাধান।
সংবাদ সম্মেলনে বিএনডব্লিউএলএ’র নির্বাহী পরিচালক সালমা আলী বলেন, রাজন, রাকিবসহ হত্যার শিকার শিশুদের জীবনের মূল্যকে কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। তারপরও তাদের বাবা-মা যেন ক্ষতিপূরণ পায় সেটি নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন তার সঠিক বিচার করতে হবে।
সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ, সহসভাপতি ফিরোজা পারভীন, পরিচালক (লিগ্যাল) তৌহিদা খন্দকার এবং জোবাইদা পারভীন বক্তব্য দেন।