শিশুহত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশু হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবদুল আউয়াল গতকাল মঙ্গলবার এই রায় দেন।
দণ্ড পাওয়া পাঁচজন হলেন ব্রাহ্মণপাড়া বাজারের নেপাল চন্দ্র বণিক, তাঁর ছেলে রাজীব চন্দ্র বণিক, অমর চন্দ্র বণিক, প্রয়াত রবীন্দ্র চন্দ্র বণিকের ছেলে সমীর চন্দ্র বণিক এবং ব্রাহ্মণপাড়া উপজেলার কল্পবাস গ্রামের টুনু মিয়ার ছেলে আবদুল কুদ্দুস। অপর তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ৪ মে ব্রাহ্মণপাড়া বাজারের বাসিন্দা নান্টু চন্দ্র বণিকের ছেলে গোবিন্দ চন্দ্র বণিক (৬) ব্রাহ্মণপাড়া বাজারে পান কিনতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর ৫ মে সকালে মোশারফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের পাশে সুরুজ মিয়ার ধানখেতে গোবিন্দের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নান্টু চন্দ্র বণিক ওই দিনই একই পাড়ার প্রয়াত বীরেন্দ্র চন্দ্র বণিকের দুই ছেলে নেপাল চন্দ্র বণিক ও অমর চন্দ্র বণিকসহ কয়েকজনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।