শিশুহত্যার বিচার চাইল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবিক গুণাবলিতে শিশুদের বিকশিত করার লক্ষ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালে শিশু সংগঠন খেলাঘরের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তার আগে সাম্প্রতিক সময়ে সংঘটিত শিশুহত্যা ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করে শিশুরা।
নগরের ফকিরবাড়ি সড়কের শিক্ষক ভবনের তৃতীয় তলায় বেলা ১১টায় শুরু হয় এ কর্মশালার। এর শিরোনাম ছিল ‘আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ’।
কর্মশালায় চারটি পর্বে চারটি বিষয় উপস্থাপন করা হয়। এগুলো পরিচালনা করেন শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী, জেলা শিশু-বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, সংগঠক নজমুল হোসেন আকাশ ও প্রকৌশলী কমল কৃষ্ণ মিত্র।
কর্মশালা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন। শিশুহত্যা ও নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়। শিশুহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন লেখাসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করে শিশুরা।