শিশুহত্যার বিচারে দ্রুত অভিযোগপত্র: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে শিশুহত্যার বিচার শেষ করতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, গত কিছুদিনে বেশ কয়েকটি শিশুহত্যার ঘটনা ঘটেছে; প্রতিটিই হৃদয়বিদারক, পৈশাচিক। গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘প্রত্যেকটি শিশুহত্যায় যারা জড়িত, তাদের আমরা চিহ্নিত করে আটক করছি। দ্রুততার সঙ্গে একের পর এক মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রাজন হত্যার বিচারও হয়েছে। আমরা দ্রুত কাজ করে বিচারগুলো দৃশ্যমান করার চেষ্টা করছি।’
বনশ্রীতে ভাইবোন হত্যার তদন্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই শিশুহত্যা কেন হয়েছে তা তদন্ত হচ্ছে। তদন্তের আগে কিছু বলতে পারছি না। তবে আমরা সন্দেহ করছি অনেক কিছু।’
সাম্প্রতিক কয়েকটি হত্যার প্রসঙ্গ টেনে আসাদুজ্জামান খান বলেন, ‘অনেক ক্ষেত্রেই দেখা গেছে, হত্যাকারীরা সেই শিশুর কাছের আপনজন। এখানে অনেক বাবা-মাও শিশুহত্যার সঙ্গে কোনো কোনো জায়গায় জড়িত, পাড়া–প্রতিবেশী জড়িত, সম্পত্তির লোভ এখানে (শিশুহত্যা) আছে। নানা ধরনের ফায়দা হাসিলের জন্য এই শিশুদের হত্যা করা হচ্ছে।’