শিয়া মসজিদে হামলার ঘটনায় রিমান্ডে ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শিয়া মসজিদে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার সন্দেহভাজন তিনজনকে বগুড়ার অতিরিক্ত বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ দুজনের জন্য ১০ দিন ও অপরজনের জন্য সাতদিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় দুজনের জন্য সাত দিন ও অপরজনের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া তিনজন হলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) সদস্য আনোয়ার হোসেন (৫৫), মাদ্রাসা ছাত্র জুয়েল মিয়া (২০) ও কওমি মাদ্রাসার অধ্যক্ষ শামসুল ইসলাম (৬০)।

এর আগে গত বৃহস্পতিবার শিবগঞ্জের চককানু গ্রামের মসজিদ-ই-আল মোস্তাফা শিয়া মসজিদে নামাজ আদায়রত মুসল্লিদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় রাতেই উপজেলার সৈয়দ দামগাড়া গ্রাম থেকে জেএমবির এহসার সদস্য আনোয়ার হোসেন ও হরিপুর গ্রাম থেকে জুয়েল মিয়াকে আটক করে পুলিশ। জুয়েল স্থানীয় আলাদীপুর মাদ্রাসার আলিম ক্লাসের ছাত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ একই উপজেলার মোলামগাড়ি এমদাদুল উলুম কওমি মাদ্রাসার অধ্যক্ষ শামসুল আলম ও তাঁর ছেলে একই মাদ্রাসার শিক্ষক আবু হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে আবু হাসানকে ছেড়ে দেওয়া হলেও শামসুল ইসলাম এবং অন্য দুজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (ওসি-তদন্ত) কামরুজ্জামান।

বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই তিনজনকেই রিমান্ডের জন্য বিকেলে আদালতে হাজির করা হলে আদালত এসব রিমান্ড মঞ্জুর করেছেন।’

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় চারজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনকে (৫৮) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্য তিনজনের মধ্যে মসজিদের ইমাম শাহীনুর রহমান, মুসল্লি আবু তাহের এবং আফতাব আলীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আফতাব ছাড়া অন্যরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনায় মসজিদের কোষাধ্যক্ষ সোনা মিয়া বাদী হয়ে ওই দিন রাতেই শিবগঞ্জ থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।