শিয়া সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা ইরানের
বাংলাদেশে সম্প্রতি শিয়া সম্প্রদায়ের ওপর সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান।
গতকাল রোববার ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়ে বলা হয়, ‘ইরানের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকার ও নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, এ ধরনের অপরাধের কারণ খুঁজে বের করে তাদের শাস্তি দিতে বাংলাদেশ সফল হবে।’
গত ২৪ অক্টোবর আশুরার রাতে তাজিয়া মিছিল প্রস্তুতির সময় ঢাকায় হোসেনি দালানে বোমা হামলায় দুজন নিহত ও শতাধিক আহত হন। হতাহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। এরপর ২৬ নভেম্বর বগুড়ার শিবগঞ্জে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে সেখানকার মুয়াজ্জিন নিহত এবং ইমামসহ তিনজন আহত হন।
ইরান দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা লক্ষ করেছি, সম্প্রতি ধর্মীয় সমাবেশের ওপর এসব হামলা হয়েছে। এর মধ্যে একটি হোসেনি দালানে এবং অন্যটি বগুড়ার একটি মসজিদে ঘটেছে। এসব হামলায় বহু লোক হতাহত হয়েছেন। আমরা বিশ্বাস করি কোনো মুসলমান এ ধরনের জঘন্য ও নৃশংস ঘটনার জন্য দায়ী হতে পারেন না।