শিয়াল ধরার ফাঁদে জড়িয়ে শিশুর মৃত্যু
পাবনার বেড়ায় শিয়ালের উপদ্রব ঠেকাতে পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে গতকাল সোমবার সকালে স্বপন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বিশ্বনাথপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, উপজেলার সিন্দুরী বাজারের পাশের একটি পুকুরে আফাজ উদ্দিন, আলতাব হোসেন ও আনিস নামের তিন ব্যক্তি মাছ চাষ করছেন। রাতে শিয়াল এসে মাছ খেয়ে যায় বলে তাঁরা পুকুরের চারদিক জিআই তার দিয়ে ঘিরে তাতে বিদ্যুৎ সংযোগ দেন। রোববার রাতে একটি শিয়াল তারে জড়িয়ে মারা গেলে গতকাল সকাল আটটার দিকে স্বপন তা দেখতে যায়। একপর্যায়ে সেও তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, ঘটনাটি হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। এ ব্যাপারে শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।