শিয়াল ধরার ফাঁদে মরল মানুষ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে এক পোলট্রি খামারির মৃত্যু হয়েছে। নিহত আবদুস সালাম (৫০) উপজেলার বাউনী গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে। উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী এলাকায় আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
গোসিংগা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. তাজ উদ্দিন ও নিহত সালামের স্বজনদের সূত্রে জানা যায়, সালাম তাঁর বাড়িতে নিজের পোলট্রি ফার্মে শিয়ালের আক্রমণ ঠেকাতে পোলট্রি শেডের চারপাশে জিআই তার দিয়ে একটি বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। শনিবার ভোরের দিকে বৃষ্টি শুরু হলে শেডের পাশে পর্দা নামাতে গিয়ে অসাবধানতাবশত ওই তারে তিনি নিজেই জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, পোলট্রির আশপাশে ছড়িয়ে থাকা শিয়ালের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আবদুস সালামের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি মাওনা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী কামাল পাশা বলেন, শিয়াল ঠেকানোর কাজে বিদ্যুতের এমন ফাঁদ ব্যবহার করা উচিত না। বিকল্প পদ্ধতির সন্ধান করা উচিত। উনি যেভাবে ফাঁদ পেতেছিলেন সেটা অত্যন্ত বিপজ্জনক ছিল। এর ফলে দুঃখজনক মৃত্যু হলো।