শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী-ঠাকুরদিঘি এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম রুস্তম আলী (৫)। সে ওই এলাকার শুকুর আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুকুর আলীর বাড়ির লাগোয়া একটি মুরগির খামার রয়েছে। সেখানে প্রায়ই শিয়ালে হানা দেয়। এ কারণে তিনি খামারের দরজায় বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। যেখানে আসামাত্রই বিদ্যুতায়িত হয়ে শিয়ালকে মরতে হতো। কিন্তু এই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ছেলে রুস্তম মারা যায়।
রুস্তমের মামি রহিমা বেগম প্রথম আলোকে বলেন, প্রতি রাতে খামারের দরজাসহ কিছু জায়গায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন শুকুর আলী। আবার সকালে তা খুলে ফেলতেন। কিন্তু গতকাল সকালে বিদ্যুতের তারের ওই সংযোগ খোলার আগেই শিশু রুস্তম খামারের মুরগিগুলোকে খাবার দিতে যায়। এ সময় বিদ্যুতের সংযোগ থাকা ওই ফাঁদের তারে জড়িয়ে পড়ে সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুস্তমকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ধাক্কামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওরঙ্গজেব প্রথম আলোর কাছে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।