শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
শিয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে গিয়ে জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার রাংতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মজিবর রহমান (৪৬) ও তাঁর স্ত্রী কারিমা বেগম (৩৫)। মজিবর একই গ্রামের আবদুল আজিজের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রাংতা গ্রামের মজিবর রহমান পেশায় ভ্যানচালক। স্ত্রীর কারিমার সহায়তায় বাড়িতে ছোট একটি মুরগির খামার গড়ে তোলেন তিনি। বাড়ির পূর্ব দিকে টিনশেডের ছাউনি ও বাঁশের বেড়া দিয়ে ঘেরা খামার। রাতে বাঁশের বেড়া ফাঁক করে মাটি সরিয়ে প্রায়ই শিয়াল খামারের মুরগি নিয়ে যেত। তাই শিয়ালের হাত থেকে মুরগি বাঁচাতে ফাঁদ হিসেবে জিআই তার দিয়ে ঘিরে সেখানে বিদ্যুৎসংযোগ দেন তাঁরা। শেষ পর্যন্ত সেই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই দম্পতির।
মজিবর রহমানের ছোট ভাই ফারুক হোসেন বলেন, মঙ্গলবার সকাল থেকে বাবা-মাকে খোঁজাখুঁজি করে তাঁদের ছোট মেয়ে আরিফা বেগম (১০)। খুঁজে না পেয়ে আরিফা তার বড় বোন মার্জিনা বেগম ও ভগ্নিপতি সোহেল হোসেনকে বিষয়টি মোবাইলে জানায়। দুপুরে সোহেল এসে খোঁজাখুঁজির একপর্যায়ে মুরগির খামারের পূর্ব পাশে শ্বশুর-শাশুড়িকে পানিতে ও কাদায় পড়ে থাকতে দেখেন। পরে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাঁদের উদ্ধার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা যাওয়ার খবর তাঁরা জেনেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।