শিয়ালের কামড়ে ঝিনাইদহে চার কৃষক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলার দুর্গাপুর গ্রামে গত বুধবার মাঠে কাজ করার সময় শিয়ালের কামড়ে চার কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় শিয়াল-আতঙ্কে গ্রামের কৃষকেরা মাঠে যাচ্ছেন না।
শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা হলেন দুর্গাপুর গ্রামের পিন্টু হোসেন (২৫) আবদুল হাকিম (৩৫), মফিজুর রহমান (৪৫) ও মজনুর রহমান (৪০)। তাঁদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী রমজান আলী বলেন, বুধবার সন্ধ্যায় মাঠে তাঁরা বেশ কয়েকজন কাজ করছিলেন। হঠাৎ একটি শিয়াল এসে প্রথমে পিন্টুর পায়ে কামড় দেয়। তাঁর চিৎকার শুনে অন্যরা ছুটে আসেন। তখন শিয়াল আরও তিন কৃষককে কামড় দেয়। পিন্টু হোসেন বলেন, মাঠে গরুর জন্য ঘাস কাটছিলেন তিনি। এ সময় একটি শিয়াল পেছন থেকে এসে তাঁকে কামড় দেয়। তাঁর চিৎকারে অন্য কৃষকেরা ছুটে এলে তাঁদেরও কামড় দিয়ে ক্ষতবিক্ষত করে শিয়ালটি।