শিয়ালের কামড়ে দুজনের মৃত্যু
বগুড়ার তিনটি উপজেলায় শিয়ালের উৎপাত বেড়ে গেছে। গত ২৫ দিনে শিয়ালের কামড়ে ২৫-৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে গত তিন দিনে আদমদীঘি উপজেলায় দুজন মারা গেছেন।মৃত ব্যক্তিরা হলেন: বশিকোড়া গ্রামের আফছার মণ্ডলের ছেলে রেদুয়ানুল ইসলাম (২৫) এবং চেচুয়া গ্রামের কাসেম আলী সরদারের ছেলে বাবু সরদার (৪৫)। শিয়ালের কামড়ে ১৮ দিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় গত ২ মে ভোরে নিজ গ্রামের বাড়িতে মারা যান রেদুয়ানুল ইসলাম এবং গত শনিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান বাবু সরদার। ওই দুজনের মারা যাওয়ার খবর জানার পর শিয়ালের কামড়ে আহত অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, গত ১৩ এপ্রিল থেকে শিয়ালের উৎপাত শুরু হয়। বাড়িতে এবং ধানখেতে এসে এরা মানুষ কামড়াতে শুরু করে। ইতিমধ্যে স্থানীয় লোকজন তিন-চারটি শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে। আহত ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করেন, তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রতিষেধক পাননি। এ কারণে অনেককে বাজারের ওষুধের দোকান থেকে প্রতিষেধক কিনতে হয়েছে। আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনজুর আহম্মেদ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক সরবরাহ করা হয় না। এ কারণে কোনো রোগীকে প্রতিষেধক দেওয়া সম্ভব হয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান জানান, প্রতিষেধকের জন্য সিভিল সার্জনের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। কিন্তু প্রতিষেধক পাওয়া যায়নি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হক জানান, শিয়ালদের মধ্যে জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দিলে এরা হিংস্র হয়ে যায় এবং মানুষকে কামড়ায়।