শীত আসছে, বালুয়া তাঁতপল্লি সরগরম
শীতের মৌসুম সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া তাঁতপল্লি এখন সরগরম। পল্লির ঘরে ঘরে কারিগরদের মধ্যে এখন চলছে শীতের সোয়েটার, মাফলার, কানটুপি ও মোজা তৈরির ব্যস্ততা।তবে বাজার মন্দার কারণে গত মৌসুমে অধিকাংশ তাঁতকলমালিকের মোটা অঙ্কের লোকসান হয় এবং অনেক পোশাক অবিক্রীত থাকায় এবার পল্লির অর্ধেক কারখানার চাকা বন্ধ রয়েছে। তাঁতপল্লির তাঁতি ও কারিগরদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁতবস্ত্র তৈরি সোনাতলার বড় ও ছোট বালুয়া এলাকার কারিগরদের আদি পেশা। স্বাধীনতা-পূর্ববর্তী সময় থেকেই তাঁতিরা হস্তচালিত তাঁতে শাড়ি, লুঙ্গি, চাদর, তোয়ালেসহ নানা পোশাক তৈরি করে আসছেন। ক্রেতাদের রুচি ও চাহিদা পরিবর্তন হওয়ায় ২০০০ সালের দিকে এখানকার তাঁতে শীতের সোয়েটার, মাফলার, কানটুপি ও মোজা তৈরি শুরু হয়। তাঁতকলমালিকেরা জানান, তাঁরা সান্তাহারের শাওইল থেকে সোয়েটার-মাফলার তৈরির সুতা সংগ্রহ করেন। প্রতিটি সোয়েটার তৈরিতে খরচ পড়ে ২০০ টাকার মতো। আর মোকামে বিক্রি হয় ২৩০ টাকায়।তাঁতকলমালিক ফায়েজুল ইসলাম জানান, এখানকার ৩০-৩৫টি কারখানায় শতাধিক হস্ত ও বিদ্যুৎ-চালিত তাঁতকলে পাঁচ শতাধিক কারিগর রয়েছেন। মান ও বৈচিত্র্যের কারণে এখানকার তাঁতকলে তৈরি শীতের পোশাক সারা দেশের বাজারে ব্যাপক সমাদৃত। কিন্তু গত মৌসুমে শীত কম হওয়ায় এখানকার তাঁতকলে উৎপাদিত বিপুল পরিমাণ পোশাক গুদামে অবিক্রীত রয়েছে। পুঁজি আটকে যাওয়ার আশঙ্কায় কেউ কেউ উৎপাদন মূল্যের চেয়েও কম দামে শীতের পোশাক বিক্রি করে দিয়ে লোকসানের মুখে পড়েন।তাঁতকলমালিক রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর কারখানায় ৮-১০টি তাঁতকল চালু থাকত। তাঁতকলে তৈরি শীতের পোশাক ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বিভিন্ন শহরে সরবরাহ করা হতো। কিন্তু গত বছর শীত কম হওয়ায় চাহিদা তেমন ছিল না। এতে গুদামে দুই-তিন লাখ টাকার পোশাক আটকে যায়। বাধ্য হয়ে এবার মাত্র তিন-চারটি তাঁতকল চালু করেছেন।তাঁতকলমালিক রেজাউল ইসলাম জানান, তাঁর ১০-১২টি তাঁতকলের মধ্যে এবার দু-একটি চালু করতে পেরেছেন। কারণ গত মৌসুমের তিন লাখ টাকার শীতের পোশাক গুদামে আটকা পড়েছে। উৎপাদন খরচ বেশি পড়ায় লোকসানের আশঙ্কা রয়েছে।তাঁতকলমালিক ও শ্রমিকেরা জানান, গত মৌসুমের বাজার মন্দার পাশাপাশি এবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে তাঁতকল চালু করার সাহস পাননি মালিকেরা। ফলে অন্য মৌসুমের এ সময় বিভিন্ন জেলা থেকে পাইকারি ক্রেতা ও মহাজনেরা বালুয়া তাঁতপল্লিতে সোয়েটার-মাফলার কেনার জন্য ভিড় করলেও এবার এখন পর্যন্ত পাইকারি ক্রেতার দেখা নেই।