শীত আসছে, বাড়ছে ধুনরিদের ব্যস্ততা
ঋতু গণনায় শীতকাল না এলেও কার্তিকের শেষ সপ্তাহেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের গ্রামাঞ্চলে জেঁকে বসেছে প্রচণ্ড শীত। এই শীত নিবারণের জন্য লেপ-তোষকের দোকানে ভিড় করছেন ক্রেতারা। ব্যস্ততা বেড়েছে ধুনরিদের। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ধুনরিরা লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার চরহোসেনপুর বাজারে গিয়ে দেখা যায়, ধুনরিরা (আঞ্চলিক ভাষায় ধুনকর) লেপ-তোষক তৈরিতে ভীষণ ব্যস্ত। তাঁরা জানান, সারা বছর তেমন কাজ থাকে না। তাই শীত মৌসুমে লেপ-তোষক তৈরি করে উপার্জিত অর্থ দিয়েই বছরের পুরোটা সময় পার করেন।চরপুম্বাইল গ্রামের ধুনকর মো. আজিজুল হক (৩৫) বলেন, ‘সারা বছর তেমন কাজ না থাকায় হাত গুটিয়ে বসে থাকতে হয় শুধু এই শীত মৌসুমের অপেক্ষায়। প্রতিদিন পাঁচ-ছয়টি লেপ তৈরির ফরমায়েশ রাখতে হয়। ফলে কাজে বাড়তি শ্রমিক নিয়োগ করতে হয়। চার-পাঁচ হাত একটি লেপ বানাতে খরচ পড়ে চার শ থেকে পাঁচ শ টাকা। ওই লেপ ছয় শ থেকে সাত শ টাকা পর্যন্ত বিক্রি করা যায়।’ আজিজুল আরও বলেন, শীত মৌসুম ছাড়া বছরের অন্য সময় প্রতি মাসে দু-একটি লেপ বিয়ে উপলক্ষে বিক্রি করা যায়, যা দিয়ে সংসার চালানো দুষ্কর হয়ে পড়ে। তাই পরিবারের সবাইকে নিয়ে শীত মৌসুমের জন্য অপেক্ষায় থাকতে হয়।