শীত আসছে, কম্বল প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীত আসতে আর বেশি দেরি নেই। তাই কম্বলের কারখানাগুলোতে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। চীন থেকে আসা রোল কেটে সেলাই করা হচ্ছে বাহারি রঙের কম্বল। ছবিটি সম্প্রতি গুলিস্তান ট্রেড সেন্টার থেকে তোলা l প্রথম আলো
শীত আসতে আর বেশি দেরি নেই। তাই কম্বলের কারখানাগুলোতে কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। চীন থেকে আসা রোল কেটে সেলাই করা হচ্ছে বাহারি রঙের কম্বল। ছবিটি সম্প্রতি গুলিস্তান ট্রেড সেন্টার থেকে তোলা l প্রথম আলো

লাল, নীল, হলুদ, সবুজ, কালোসহ নানা রঙের বৈচিত্র্য। ফুল-পাতা, কার্টুনসহ বিভিন্ন নকশার কম্বলে সেজেছে রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতান। শীত আসছে। তার প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। তবে বেচাকেনা এখনো জমে ওঠেনি। দিন পনেরো পরই বিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

গতকাল শুক্রবার নিউমার্কেট ও গুলিস্তানের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, কাপড়ের দোকানগুলোতে কম্বল বিক্রি শুরু হয়েছে। নূরজাহান বেগম একটি দোকান থেকে তিনটি কম্বল কিনলেন। দুটি ডাবল আর একটি পাতলা কম্বল। তিনি বলেন, ‘ডাবল কম্বল গ্রামে পাঠাব। আমি নিজে পাতলা কম্বল নিলাম। ঢাকায় তো শীত বেশি পড়ে না।’ তিনি বললেন, শীত আসতে অনেক দেরি হলেও বিক্রেতারা দাম ছাড়ছেন না।

নিউমার্কেটের জহির বেডিং স্টোরে বিক্রেতারা কম্বল ভাঁজ করায় ব্যস্ত। ক্রেতাও আছেন কয়েকজন। মো. রফিক নামের এক বিক্রেতা বললেন, ১০-১২ দিন আগেই তাঁরা দোকানে কম্বল তুলেছেন। বিক্রি টুকটাক চলছে। তিনি বলেন, ‘আশা করি, ১৫ দিন পরই কম্বল কেনার ধুম পড়ে যাবে।’

কম্বল মানেই বাহারি রং ও নকশা। দেশি ও বিদেশি দুই ধরনের কম্বলই পাওয়া যাচ্ছে। তবে বিদেশি কম্বলই বেশি। এর চাহিদাও বেশি। দোকানিরা এগুলোকে বলছেন ‘চায়না কম্বল’। পুরান ঢাকা থেকে তাঁরা পাইকারি দরে কিনে আনেন। এসব পাতলা কম্বলের দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। সিঙ্গেল কম্বলের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। আর ডাবল কম্বলের দাম শুরু হয়েছে ২ হাজার ২০০ টাকা থেকে। এর মধ্যে বিভিন্ন মানের বেশি দামের কম্বলও পাওয়া যাবে। দেশি পাতলা কম্বলের দাম ২০০ টাকা। ডাবল পাওয়া যাবে ৪০০ থেকে ৭০০ টাকায়।

গুলিস্তানের বঙ্গবাজারের দোকানগুলোতেও সারি সারি কম্বল সাজানো। এখানে দেশি কম্বলও প্রচুর। ক্রেতাদের আনাগোনাও মোটামুটি ভালো। কেউ কেউ এখান থেকেই পাইকারি হিসেবে কিনে নিচ্ছেন। ঢাকার বাইরে বিক্রি করবেন। বাবুল মিয়া কুড়িগ্রাম থেকে এসেছেন। সেখানে তাঁর দোকান আছে। বিভিন্ন মানের ৫০টি কম্বল কিনেছেন। বাবুল বলেন, ‘গ্রামে শীত পড়ে গেছে। চাহিদাও বেশি।’

এ মাসের শেষ দিকেই হয়তো শীত পড়বে। তাই এখন পাতলা কম্বল বেশি বিক্রি হচ্ছে। বঙ্গবাজারের বিক্রেতা মো. জহির বলেন, ‘কম্বল উঠাইছি। কিন্তু মোটাগুলা বেচা শুরু হয় নাই। পাতলাগুলাই মানুষ কিনতেছে।’ এ দুই মার্কেট ছাড়াও নগরের বিভিন্ন স্থানের ফুটপাতেও বিক্রির জন্য কম্বল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।