শীত উপেক্ষা করে চলচ্চিত্র উত্সবে দর্শকদের ভিড়
সারা দিন সূর্যের দেখা মেলেনি। কনকনে ঠান্ডা হাওয়া। তবে প্রকৃতির এ বৈরিতা চলচ্চিত্রানুরাগীদের দমাতে পারেনি। গতকাল শনিবার বিকেলে দেখা গেল, শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দিকে দলবেঁধে লোকজন আসছে। শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে চলছে ১১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব।চলচ্চিত্র উত্সব কেবল ছবির প্রদর্শনীতে সীমিত নয়। এর সঙ্গে আছে অংশ নেওয়া ছবির প্রতিযোগিতা, বুলেটিন প্রকাশ, চলচ্চিত্রবিষয়ক কর্মশালা, আলোচনাসহ নানা রকমের কর্মকাণ্ড। রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ১১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব এসব আয়োজনে জমজমাট। মিলনায়তনে ঢোকার আগে দর্শকেরা সংগ্রহ করছে বুলেটিন, তাতে উত্সব নিয়ে নানা খবরাখবর। উত্সবের ছবিগুলো প্রদর্শিত হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তন ও জাতীয় জাদুঘর মিলনায়তনে। গতকাল তৃতীয় দিনে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র ছিল আহা। এ ছাড়া উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ছিল ইরানের রুমমেট ও ভারতের হারুণ-অরুণ। ছবি প্রদর্শনী ছাড়াও গতকাল থেকে শুরু হয়েছে ছয় দিনের চলচ্চিত্রবিষয়ক কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করছেন চলচ্চিত্রকার বাদল রহমান। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নয় দিনের এ উত্সব ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।জাদুঘরে রংধনুচারদিকে শুধু রং আর রং। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষের মেঝে থেকে দেয়াল—সর্বত্র সাজিয়ে ও ছড়িয়ে রাখা হয়েছে হরেক রঙের বর্ণালি। মেঝেতে বাঁশের ঝুড়িতে রাখা রংবেরঙের কাপড়ের টুকরো। কোথাও আবার সারি সারি বোতলভরা রং। লাল, নীল, হলুদ, বেগুনি, বাদামি, গোলাপি আরও কত যে রং, চোখে ধাঁধা লেগে যায়। এর সঙ্গে আছে চরকাতে পেঁচানো রংবেরঙের সুতা ও কাপড়। আছে রঙিন চুড়ি, ফিতা, মাটির রঙিন হাঁড়ি, হাতপাখা, লক্ষ্মীসরা, নকশিকাঁথা ইত্যাদি। এ ছাড়া আছে রঙিন ইট, পাথর, শামুক, ঝিনুক ও নানা ধরনের শস্যের বীজ। দেয়ালে দেয়ালে ঝুলছে নানা রঙের প্রলেপ দেওয়া বোর্ড। রং নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর নাম রংধনু। শৌখিন পোশাক বিক্রয় কেন্দ্র রঙ-এর আয়োজনে ১৫ জানুয়ারি থেকে চলছে এ বিশেষ প্রদর্শনী। এটি চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা।