শীত উপেক্ষা করে ছুটছেন প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে তিন দিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। তবু থেমে নেই বদরগঞ্জ পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণা। শীত উপেক্ষা করেও প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে।
গতকাল রোববার পর্যন্ত প্রতীক বরাদ্দ না হলেও প্রচারণার মাঠে আছেন ছয়জন মেয়র, ২৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৫ জন নারী কাউন্সিলর প্রার্থী।
শীতে কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা পাড়া-মহল্লায় উঠান বৈঠকসহ ভোটারদের কাছে দোয়া চেয়ে বেড়াচ্ছেন। তবে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থীরা তাঁদের দলীয় প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
গতকাল দুপুরে বালুরঘাট এলাকায় ভোট চাইতে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহা ও বিএনপি প্রার্থী পরিতোষ চক্রবর্তীকে। কুয়াশার মধ্যেও তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন। এ বিষয়ে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা বলেন, প্রচণ্ড শীতে সবার কষ্ট হচ্ছে। ঘর থেকে কেউ বেরই হতে চান না। কিন্তু বাধ্য হয়ে প্রচারণা চালাতে হচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি পরিতোষ চক্রবর্তী বলেন, তাঁদের হাতে সময় কম। প্রচারণাও চালাতে হবে। তাই ভোটারদের বিরক্ত করতে হচ্ছে।
দুইটার দিকে পৌর শহরের জামুবাড়ি কুমারগাড়ী গ্রামে গিয়ে দেখা যায়, মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছেন। গায়ে চাদর পেঁচিয়ে ওই গ্রামে গিয়ে ভোট প্রার্থনা করছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মেয়র প্রার্থী শামিম আরা বেগম। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে বিছানা থেকে মানুষকে ডেকে তুলে ভোট প্রার্থনা করতে হচ্ছে। এতে অনেকে বিরক্তিবোধ করছেন।
ওই গ্রামের গৃহবধূ ডলি রানী বলেন, ‘ঠান্ডাত হাত-পাও কোকড়া নাগোছে। বাইরোত বাইর হওয়া যাওচে না। ওমাক (প্রার্থীদের) মনে হয় ঠান্ডা লাগে না। দিন আইত গ্রামোত ঘুরাঘুরি করছেন ভোটের জন্য।’
ষষ্টি রানী বলেন, ‘হামার গ্রামোত কারেন (কারেন্ট) নাই। সবায় কারেন দেওয়ার কথা বলে ভোট নিয়া যায়। আর দেখা পাওয়া যায় না। এবার জায় কারেন দেবে তাঁকে ভোট দেমো।’