শীত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা
তীব্র শীতকে উপেক্ষা করে বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে পল্লির জনপদ।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি ওয়ার্ড নিয়ে ১৯৯৬ সালের ২৬ ডিসেম্বর এ পৌরসভা গঠিত হয়। ১৯৯৮ সালে পৌরসভাটি দ্বিতীয় ও ২০০৬ সালে প্রথম শ্রেণিতে উন্নীত করা হয়।
১১ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় ভোটার সংখ্যা ২৭ হাজার ২৯৮। এখানে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জোরেশোরে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন। দলীয় মেয়র প্রার্থীরা দলের নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ছুটে চলছেন এক মহল্লা থেকে আরেক মহল্লায়।
গতকাল সোমবার পৌরসভার সুন্দরদী, গেরাকুল, আশোকাঠী, শাওড়া, বড়বাড়ি, গয়নাঘাট, টিখাসার, দিয়াসুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সরগরম হয়ে উঠেছে হাটবাজার ও চায়ের দোকান। চলছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা। পাশাপাশি চায়ের আড্ডায় প্রার্থীদের ভালোমন্দ নিয়েও আলোচনা হচ্ছে। এ সময় তালেব আলী হাওলাদার (৭০), আরিফ হোসেন (৫৫), বিপ্লব তালুকদারসহ (২৮) কয়েকজন ভোটার বলেন, মুখে প্রতিশ্রুতির যতই ফুলঝুরি ফুটুক না কেন, তাঁরা যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর বুলবুল দেওয়ান বলেন, ‘আমার ওয়ার্ডের ভোটাররা অনেক সচেতন। তাঁদের বাড়িতে বাড়িতে যাওয়ার সুযোগে তাঁরা আদায় করে নিচ্ছেন প্রতিশ্রুতি।’
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর মো. নূর আলম সিকদার বলেন, তিনি শ্রমিকদের স্বার্থ রক্ষা ও পুনর্বাসনে কাজ করবেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিসুর রহমান বলেন, সময় খুবই কম, নির্বাচন যত ঘনিয়ে আসছে ব্যস্ততা তত বেড়ে যাচ্ছে। প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে পৌঁছাতে দিনরাত কাজ করতে হচ্ছে। পৌরবাসীর প্রধান সমস্যা নালা। নালার কারণে জলাবদ্ধতায় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরও বলেন, ‘আমি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে নালা নির্মাণই হবে আমার প্রথম ও প্রধান কাজ।’
বিএনপির মেয়র প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি মো. সফিকুর রহমান বলেন, ‘তীব্র শীতের মধ্যে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছি। পূর্বে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা পৌরবাসীর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছেন। পৌরবাসীর উন্নয়নে কোনো কাজ করেননি। আমি নির্বাচিত হলে নালা নির্মাণ ও বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহ নিশ্চিতসহ এ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তরিত করব।’