শীত উপেক্ষা করে মাঠে কাউন্সিলর প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতীক পেলেই শুরু হবে আসল যুদ্ধ। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা এর আগেই করে চলেছেন জনসংযোগ। শীত উপেক্ষা করে চলছে তাঁদের কার্যক্রম।
ঘোড়াঘাট, রেল কলোনি, গোলাহাট, ইসলামবাগ ও রসুলপুর মহল্লার আংশিক এলাকা নিয়ে ২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বেশির ভাগ বাসিন্দাই অবাঙালি। ওয়ার্ডের ভোটার সংখ্যা ৬ হাজার ৬৯৫। ওয়ার্ডে সাতজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে তিনজনই অবাঙালি। প্রার্থীরা হলেন সিকান্দার-ই-আজম, মাহতাব উদ্দিন চেতনা, গোলাম মোস্তফা, সরফরাজ আলম, শাকিল আহমেদ বাবু, ইসরাইল কুরানি ও আসাফুদ্দৌলা রাফু।
গতকাল শনিবার সকালে ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সিকান্দার-ই-আজমকে দেখা গেল জনসংযোগ করতে। এর আগে তিনি ওয়ার্ডের কমিশনার ছিলেন। তিনি বাঙালি নন বলে ভোটারদের উদ্দেশে উর্দুতে বলেন, ‘ম্যায় কিসিকো কই রুপিয়া নেহি দুঙ্গা, নাহি কিসিকো পায়ে পাকরুঙ্গা, জো উমিদওয়ার আপকো পাসান্দ হো উনকো আপনি কিমতি ভোট দেদো।’ অর্থাৎ ‘আমি কাউকে টাকা দেব না, কারও পায়েও পড়ব না, যে প্রার্থী আপনার পছন্দের তাঁকেই ভোট দিন।’
এ কথার জবাবে ওয়ার্ডের ইসলামবাগ এলাকার বাসিন্দা আকবর বাবুর্চি বলেন, বাবা বুড়ো হলেও তিনি বাবাই থাকেন, দাদা না। কাজেই যিনি এলাকায় বাবার ভূমিকায় থাকবেন তাঁকেই ভোট দেবেন তিনি।
ভোটার সাকিনা বেগম বলেন, ‘যে প্রার্থী আমাদের মতো গরিবের পাশে থাকবেন আমরা তাঁকেই ভোট দেব।’
আরেক কাউন্সিলর প্রার্থী মাহতাব উদ্দিন চেতনা বলেন, এখানকার ক্যাম্পবাসী অবাঙালিরা অনেক দুর্দশাগ্রস্ত। তাঁদের উন্নয়নে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি সেসব জায়গায় যাচ্ছেন। সবার সঙ্গে কুশল বিনিময় করছেন।
এ ছাড়াও ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে যে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থীরাও ২ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। তাঁরাও অবাঙালি। বর্তমানে কাউন্সিলর ও প্রার্থী রাজিয়া সুলতানার প্রতিদ্বন্দ্বী হয়েছেন নাজ পারভীন।
নাজ পারভীন বলেন, ‘এলাকার উন্নয়নেই আমার স্বপ্ন। অতীতে এলাকায় রাস্তাঘাট, ড্রেন-নর্দমা সেভাবে সংস্কার হয়নি। আমি নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলব। নারী অধিকার প্রতিষ্ঠাতেও কাজ করব।’ বর্তমান নারী কাউন্সিলর রাজিয়া সুলতানা বলেন, মানুষেরা তাঁকে ভালোবেসে এর আগেও নির্বাচিত করেছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
ভোটার আবু রাসেল বলেন, তাঁদের ওয়ার্ডটি একটু অবহেলিত। এবারের ভোটে অনেক প্রার্থী। যাঁরা ভালো কাজ করতে আগ্রহী তাঁদের পক্ষেই ভোট পড়বে।