শীত এলেই চুলা জ্বলে না!
মিরপুরের কাজীপাড়া এলাকার ২৮৮/৪ নম্বর বাড়ি থেকে গত ২৭ নভেম্বর তিতাস গ্যাসের নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ করা হয়, চুলায় গ্যাস পাচ্ছেন না তাঁরা।
এক সপ্তাহ পর গতকাল শুক্রবার যোগাযোগ করা হলে ওই বাড়ির একজন বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, অভিযোগ জানানোই সার। গ্যাসের সমস্যা এখনো পুরোপুরি মেটেনি। এভাবে চলতে থাকলে সিলিন্ডার কেনা ছাড়া পথ নেই।
অভিযোগের বিষয়ে তিতাস কর্তৃপক্ষ জানায়, ওই বাড়ির গ্যাসের সমস্যা সমাধানে তারা লোক পাঠিয়েছিল।
একই সমস্যার কথা জানান পল্লবীর কালশীর বাসিন্দা আবদুর নূর। তিনি বলেন, শীত এলে গ্যাস থাকে না, বছরের পর বছর এ অবস্থা চলছে। তাঁর প্রশ্ন, এটা কি আজীবন চলবে?
মতিঝিলের পাশে হাটখোলা পেয়াদাপাড়া এলাকাতেও চলছে গ্যাস-সংকট। গৃহিণী রাশেদা বেগম বললেন, শীতে সকালে কেউ যে পানি গরম করে গোসল করবে, সে উপায় নেই। দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাসই থাকে না।
শেখেরটেক এলাকার গৃহিণী সুস্মিতা রায় জানান, ভোররাতে উঠে তাঁকে খাবার তৈরি করতে হচ্ছে। বেলা বাড়লেই আর চুলায় গ্যাস থাকে না।
গ্যাস-সংকটের এই চিত্র এখন রাজধানীর অনেক এলাকার। বাধ্য হয়ে তিতাসের অনেক গ্রাহক বাড়িতে সিলিন্ডার কিনে রান্না করছেন।
চুলায় গ্যাসের চাপ না থাকার এই বিড়ম্বনার কথা স্বীকার করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষও। নাম উদ্ধৃত না করার শর্তে তিতাসের জরুরি নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, অনেক এলাকায় বিতরণ লাইনের পাইপ সরু ও পুরোনো হওয়ায় গ্যাস জমে এ সমস্যা হচ্ছে।
এক সপ্তাহ ধরে রাজধানীর দক্ষিণখান, উত্তরখান, মিরপুর, কাজীপাড়া, পল্লবী, কালশী, মোহাম্মদপুরের শেখেরটেক ও আশপাশের এলাকা, শ্যামলী, লালবাগ, গোপীবাগের অভয় দাস লেন, পেয়াদাপাড়া, গেন্ডারিয়া, গোয়ালনগর, তেজকুনিপাড়া, কল্যাণপুরসহ অনেক এলাকায় দিনের বেলায় টানা কয়েক ঘণ্টা গ্যাসের চুলা জ্বলছে না। এসব এলাকার বাসিন্দাদের অনেকেই সিলিন্ডার, কেরোসিনের চুলা, মাটির চুলায় বা ছাদে কাঠ জ্বালিয়ে রান্না করছেন।
দক্ষিণখানের গাওয়াইর এলাকার বাসিন্দা আবদুস সামাদ বলেন, ‘মাসে মাসে তিতাসের বিলও দিচ্ছি, আবার সিলিন্ডারের খরচও যোগ হয়েছে।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক (উৎপাদন) মীর মশিউর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, তিতাসের আওতাভুক্ত এলাকায় চাহিদা থাকে প্রতিদিন কমপক্ষে দুই হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস। কিন্তু গত সপ্তাহে গড়ে পাওয়া গেছে এক হাজার ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস। তিনি বলেন, গরমকালের তুলনায় শীতকালে স্বাভাবিকভাবেই গ্যাসের ব্যবহার বেড়ে যাওয়ায় রাজধানীর কোথাও কোথাও গ্যাসের সমস্যা চলছে। তিনি বলেন, বিবিয়ানার নতুন উৎপাদন বিতরণ লাইনে যোগ হওয়ায় তিতাস এলাকায় গ্যাসের কিছুটা সরবরাহ বেড়েছে। এতে সমস্যা কমেছে।
তিতাস গ্যাস সূত্র জানায়, পেট্রোবাংলা থেকে প্রতিদিন প্রায় এক হাজার ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কোম্পানিকে দেওয়া হয়। এর মাত্র ৮ শতাংশ পান আবাসিক গ্রাহকেরা। বাকি ৯২ শতাংশ গ্যাস ব্যবহৃত হয় বিদ্যুৎকেন্দ্র, শিল্পকারখানা ও বাণিজ্যিক কাজে।
তিতাসের এক কর্মকর্তা দাবি করেছেন, কিছু সিএনজি স্টেশন কমপ্রেসরের মাধ্যমে গ্যাস টেনে নেওয়ার কারণে আবাসিক গ্রাহকদের লাইনে গ্যাসের চাপ কমে যাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট এলাকার সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর ওই এলাকায় আবাসিক কাজে ব্যবহৃত চুলাগুলোয় গ্যাসের চাপ বেড়ে যায়।
তবে পরীবাগের ন্যাশনাল সিএনজি, তেজগাঁও এলাকার সাউদার্ন সিএনজিসহ কয়েকটি স্টেশন ঘুরে জানা যায়, সেসব স্টেশনেও গ্যাসের চাপ তুলনামূলকভাবে কমে গেছে।
এ বিষয়ে সাউদার্ন অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোরঞ্জন ভক্ত প্রথম আলোকে বলেন, সিএনজি স্টেশনের কারণে পুরো এলাকায় গ্যাসের চাপ কমে যায়—এটা সম্পূর্ণ সঠিক নয়। কারণ, শীত এলে স্বল্প চাপের সমস্যা তাঁদেরও মোকাবিলা করতে হয়। গত কয়েক দিনে দেখা যাচ্ছে, স্বাভাবিকের চেয়ে চাপ অনেক কম।