শীত ও আতঙ্কে কাঁপছে রাজশাহী
রাজশাহী কাঁপছে। শীত ও আতঙ্কে। ঢাকায় বসে যেমন দেশের এই উত্তরের শহরের শীতের তীব্রতা টের পাওয়া যাবে না, তেমনি বোঝা যাবে না হরতাল-অবরোধের জের ধরে সহিংস ঘটনায় জনমনে এখন আতঙ্ক কতটা প্রবল। শীতে জবুথবু শহরটি নিষ্প্রাণ। পাশের জেলা ও থানাগুলোর সঙ্গে এই মহানগরের যোগাযোগ বিচ্ছিন্ন। শহরতলি ও একটু দূরবর্তী এলাকার পথগুলো প্রায় নির্জন। মনে হয় যেন কারফিউ চলছে।
গত সোমবার রাত পৌনে দুইটায় যখন বাস থেকে শহরের শিরোইল বাসস্ট্যান্ডে নামি, তখন ঘন কুয়াশায় চারপাশ আচ্ছন্ন। হাত পাঁচেক দূরের জিনিসও দেখা যাচ্ছে না। পথের বাতিগুলো যেন তেল ফুরিয়ে আসা প্রদীপের মতো কুয়াশার ভেতর মিটমিট করছে। দোকানপাট সব বন্ধ। পথে লোক নেই, যানবাহনও। আক্ষরিক অর্থেই চরাচর কুয়াশায় ডুবে আছে।
বাস থেকে নেমে অনেকেই তাঁদের গন্তব্যে যাওয়ার জন্য যানবাহন খুঁজছিলেন। হাতে গোনা কয়েকটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটো) আর রিকশা ছিল বটে, তবে স্থানীয় বাসিন্দাদের মতে, অসম্ভব চড়া ভাড়া হাঁকছিলেন চালকেরা। কেউ কেউ নিরুপায় হয়ে তাতেই চাপলেন। তরুণ বয়সী কেউ কেউ পিঠে ব্যাগ চাপিয়ে কান-মাথা মাফলারে প্যাঁচিয়ে রওনা দিলেন পদব্রজে।
ঢাকা থেকে রাজশাহী, বাস ভ্রমণ: টানা হরতাল-অবরোধ জনজীবনে কতটা দুঃসহ যন্ত্রণা ডেকে এনেছে, তা হাড়ে হাড়ে টের পাওয়া গেল রাজশাহী যেতে। বিজয়ের উৎসবমুখর রাজধানী থেকে যাত্রা শুরু বেলা দুইটায়। ঘণ্টা খানেক যানজট ঠেলে কল্যাণপুর এসে দূরপাল্লার বাস কাউন্টারগুলোর দৃশ্য দেখে মনে হলো ঠিক ঈদের আগের পরিস্থিতি। ব্যাগ-বোঁচকা নিয়ে হাজির অসংখ্য যাত্রী। শিশু, নারী, তরুণ, বৃদ্ধ—সব বয়সী। কাউন্টারের ভেতরে ঢোকাই দায়। বহু লোক বাচ্চাকাচ্চা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে আছেন। বাচ্চাদের কেউ কেউ মা-বাবার সঙ্গে ঘ্যানঘ্যান করছে। কাঁদছেও দু-একজন।
অনেকগুলো পরিবহন তাদের বেশ কিছু রুটের গাড়ি ছাড়বে না বলে জানিয়েছে। যেসব পরিবহনের গাড়ি চলছে, সেখানে টিকিটের জন্য লম্বা লাইন। উপরন্তু কাউন্টার থেকে বলা হচ্ছে, টিকিট দেওয়া হলেও নির্দিষ্ট সময়ে গাড়ি ছাড়ার কোনো নিশ্চয়তা নেই। চন্দ্রা থেকে সাভার পর্যন্ত প্রচণ্ড যানজট। যাত্রীদের কাছে টিকিট পাওয়াটাই তখন সোনার হরিণ পাওয়ার মতো। গাড়িতে উঠতে পারলে একসময় পৌঁছানো যাবে, এই ভেবে তাঁরা লাইনে দাঁড়িয়ে আছেন। সবাই ততক্ষণে জেনে গেছেন আবার আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের অবরোধ।
একটা দিকে রক্ষা যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল না। তবে প্রতিটি গাড়িই আসছিল এক থেকে দেড়-দুই ঘণ্টা দেরিতে। পরিবহনগুলো গাড়ির সংখ্যাও কমিয়ে দিয়েছে। রাজশাহীগামী হানিফ পরিবহনের তিনটার গাড়ি ছাড়ল চারটা কুড়িতে। এই গাড়ির টিকিট পাওয়া যায়নি। চারটায় ছিল এসি বাস। সেটি বন্ধ রাখা হয়েছে। সব পরিবহনেই এসি বাস বন্ধ। পাওয়া গেল পাঁচটার গাড়ির টিকিট। গাড়ি এল ছয়টায়। ছাড়তে ছাড়তে আরও প্রায় ১০ মিনিট।
সেই একই ঈদের মতো দৃশ্য। সাভার বাজার পার হওয়ার পর পথের দুই পাশ দিয়ে অসংখ্য বাস-ট্রাক আটকে আছে। নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত বাস কাউন্টারগুলোর সামনে শত শত লোক ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন বাসের জন্য। বাস থামতেই ছুটে আসছেন ওঠার জন্য। ফলে সৃষ্টি হয়েছে যানজট। সেই জট পেরিয়ে এলেঙ্গা অবধি পৌঁছাতেই রাত প্রায় ১০টা বেজে গেল। ঘন কুয়াশা। লম্বা লাইন ধরে ছুটছে গাড়িগুলো। কোনো কারণে সামনের গাড়িটি থেমে গেলে পুরো লাইনটিই থেমে যাচ্ছে। এর মধ্যে অধৈর্য হয়ে কোনো কোনো চালক লাইন ভেঙে ফুটপাত দিয়ে বা বেলাইনে গিয়ে সামনে এগোনোর চেষ্টা করছেন। ফলে জটলা জটিলতর হয়ে উঠছে মাঝেমধ্যেই। তা হোক, তবু বাস পাওয়া গেছে, বাস চলছে এটিই যেন অবরুদ্ধ নাগরিকের জীবনে বড় প্রাপ্তি!
হাঁসুয়া চেনেন হাঁসুয়া: রাজশাহীর সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে খানিকটা আঁচ পাওয়া গেল যাত্রা শুরুর খানিক পরই। আমার পাশের আসনে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের এক চাকুরে। একটি-দুটি করে শুরু করে অনেক কথাই হলো তাঁর সঙ্গে। বাড়ি রাজশাহী শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে কাঁকনহাটে। বিজয় দিবসে ঢাকায় এসেছিলেন এক আত্মীয়াকে রেখে যেতে। ভোরে রাজশাহী থেকে রওনা হয়ে ঢাকায় এসে আবার বিকেলেই ফিরে যাচ্ছিলেন।
কথা প্রসঙ্গে তিনিই বলছিলেন ‘হাঁসুয়া চেনেন, হাঁসুয়া। কী বুলব ভাই, ইয়া বড় সাইজের হাঁসুয়া লিয়ে মিছিল করতে নামে শিবিরের ক্যাডাররা। হাঁসুয়া ঘুরাইছে আর ধাওয়া করছে। কিছু বুলতে গেলে পায়ের রগ কেটে দেবে, ললি (গলা) কেটে দেবে। ককটেল মেরে দেবে। পাবলিকে কী করবে, পুলিশেরই তো হাত-পা ভেঙে দিচ্ছে।’
হাঁসুয়া-রামদা-ককটেল হাতে বের হওয়া এসব মিছিলের সামনে কেউ পড়তে চায় না। লোকজন ভয়ে সিঁটিয়ে থাকে। চেহারা গাট্টাগোট্টা, কিন্তু নিজের নাম প্রকাশ করতেও অনিচ্ছা এই সহযাত্রীর। বললেন মোটরসাইকেলে যাতায়াত করেন। চিনতে পারলে কখন কী হয় বলা যায় না। ভোর সাড়ে ছয়টায় বাড়ি থেকে রওনা দেন। অত সকালে পিকেটাররা রাস্তায় নামেন না। সেই সুযোগে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে চলে আসেন। আবার সন্ধ্যার পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে তখন বাড়ির দিকে ছোটেন।
নিষ্প্রাণ শহর, যেন কারফিউ শহরতলিতে: আবার তিন দিনের অবরোধে নিষপ্রাণ হয়ে পড়েছে রাজশাহী শহর। এমনিতেই শহরটি নিরিবিলি। তার ওপর আতঙ্ক উদ্বেগে যেন প্রাণস্পন্দনটিও ক্ষীণ হয়ে এসেছে। দোকানপাট কিছু খোলা, কিছু বন্ধ। বোচাকেনা বলতে গেল নেই। পথে যানবাহনও সামান্য। গুটিকয়েক বাইক ছুটছে, আর আছে রিকশা। মোটরসাইকেল কম, পুলিশের গাড়ি ছাড়া মোটরগড়ি তো অদৃশ্য।
সাধারণ দৃষ্টিতে পরিস্থিতি খুব ভয়ংকর বলে মনে হয় না। কিন্তু এখানকার সহিংস ঘটনাগুলোর বৈশিষ্ট্য একটু আলাদা। হঠাৎ করেই বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল বের হয়। মিছিলকারীরা প্রায়ই টায়ারে আগুন জ্বালিয়ে, পেট্রলবোমা ছুড়ে নিমেষে গলিঘুঁচিতে লুকিয়ে পড়ে। পুলিশ এসে আর খুঁজে পায় না। ফলে কখন কী হবে কেউ নিশ্চিত নয়। এটাই শহরবাসীকে ভেতরে ভেতরে আতঙ্কগ্রস্ত করে রেখেছে।
কথা হচ্ছিল শহরের ওষুধের বাজার হিসেবে খ্যাত লক্ষ্মীপুরের ইউনিক ফার্মেসির ব্যবসায়ী তারেক হোসেনের সঙ্গে। তাঁর বাড়ি শহরতলির ডিংগাডোবা এলাকায়। বললেন, ‘ওষুধের দোকান বলে লক্ষ্মীপুরে ছন্ত্রাছ (সন্ত্রাস) একটু কম। তবে আমাদের পাড়ায় অবস্থা কী বুলব ভাই, ছন্ধ্যার (সন্ধ্যা) পরে মনে হয় যেন শিয়াল ডাকেছে।’ ব্যাখ্যা দিয়ে জানালেন, সন্ধ্যার পরপরই লোকজন ঘরে উঠে যায়। আর সন্ধ্যায় যেমন শিয়ালেরা ডাকতে থাকে তেমনি করে শুরু হয় স্লোগান, টায়ারে আগুন জ্বালানো, বোমবাজি।
রাজশাহী শহরের ডিংগাডোবা, খড়খড়ি, রানীবাজার, শালবাগান, দাসপুকুর, বেলপুকুর, নওদাপাড়া, বিনোদপুর এসব এলাকাতেই গত দেড় মাস থেকে প্রায় প্রতি হরতাল-অবরোধেই সহিংস ঘটনা ঘটেছে। শহরের ভেতরে অলকার মোড়, বাইপাস সড়কের বহু দোকান, ব্যাংক-ব্যবসাপ্রতিষ্ঠানে বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
গতকাল শহরতলির ওই এলাকাগুলোতে গিয়ে জনমনে আতঙ্কের সত্যিকারের প্রভাবটি চোখে পড়ল। খড়খড়ি মোড়ে কয়েকটি নছিমন ছাড়া রিকশা পার্যন্ত নেই। খোলা পাওয়া গেল শুধু একটি ওষুধের দোকান। বিক্রেতা বারবার বলছিলেন, তাঁর নাম না লিখতে। ওষুধের দোকান বলে খোলা রেখেছেন। অন্যেরা সাহস পাচ্ছে না দোকান খোলার। এই সড়ক গেছে চাঁপাইনবাবগঞ্জের দিকে। রাজশাহী নগরের আমচত্বর থেকে খড়খড়ি মোড় হয়ে বেলপুকুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথে একটু পরপরই আগুনে পোড়ার চিহ্ন। বাগমারা রোড, গোদাগাড়ী রোড, বানেশ্বর রোড, চারঘাট রোড, মান্দা রোড একদম ফাঁকা। পুরো এলাকায় যেন কারফিউ চলছে। লোকজন রাস্তায় উঠতেও ভয় পাচ্ছেন। বাড়ির সামনের উঠানে দাঁড়িয়ে বা বসে রোদ পোহাতে দেখা গেল তাদের। চোখে-মুখে স্পষ্ট হয়ে আছে উদ্বেগ-আতঙ্ক, অসন্তুষ্টির ছাপ। কেউ জানে না এই অবরুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে।
অবরোধ শুরুর আগেই পেঁয়াজের ট্রাকে আগুন: ৭২ ঘণ্টার অবরোধ শুরুর আগে গত সোমবার দিনগত রাতে রাজশাহীর পবা উপজেলার কাপাসিয়া এলাকায় রাজশাহী-নাটোর সড়কে একটি পেঁয়াজবোঝাই ট্রাকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এনায়েতুল হক জানান, রাত একটা ৫৫ মিনিটের সময় তাঁরা ট্রাকে আগুন লাগানোর খবর পান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তার আগেই ট্রাকের ইঞ্জিন কেবিন পুড়ে যায়। তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ কারণে পেঁয়াজের তেমন ক্ষতি হয়নি।
ট্রাকের মালিক কামাল উদ্দিন নিজেই ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। তাঁর বাড়ি পাবনায়। তিনি বলেন, শিবগঞ্জ থেকে পেঁয়াজ নিয়ে তিনি শ্রীপুরে যাচ্ছিলেন। কাপাসিয়া এলাকায় তার আগেই কয়েকটি গাড়ি থামিয়ে দুর্বৃত্তরা ভাঙচুর করছিল। এ জন্য তিনি গাড়ি থামাতে বাধ্য হয়েছিলেন। হামলাকারীরা তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। তারা তাঁর টাকাপয়সাও ছিনিয়ে নিয়েছে।
রাজশাহী নগরের মতিহার থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোনো মামলা করেননি।
গতকাল সকাল সাতটার দিকে অবরোধের সমর্থনে নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে ১৮ দলের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের নেতৃত্বে মিছিলটি মালোপাড়া, সাহেববাজার জিরো পয়েন্ট ও সোনাদিঘী মনিচত্বর মোড় হয়ে রাজশাহী কলেজে গিয়ে শেষ হয়।