শীত ও কুয়াশায় থমকে গেছে জীবনযাত্রা
কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় প্রচণ্ড শীত পড়ছে। কুড়িগ্রাম, রংপুর ও নীলফামারীতে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। দেখা মেলেনি সূর্যের। শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ। স্বাভাবিক জীনযাত্রা হচ্ছে ব্যাহত। তবে শীতে বেশি কষ্ট পাচ্ছে চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
শীতার্ত মানুষ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: গত দুই দিন সূর্যের মুখ দেখা যায়নি। সন্ধ্যার পর থেকে সকাল ১০টা পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা পড়েছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে জেলার ৪২০টি চরের কয়েক লাখ মানুষ। রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আতিকুর রহমান জানান, কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে।
তীব্র ঠান্ডায় কুড়িগ্রাম সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত ভর্তি হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। শীতে মানুষ শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। গত ১২ ঘণ্টায় নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৪৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ঘন কুয়াশায় আলু ও সরিষাখেতে রোগবালাই দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শওকত আলী সরকার জানান, অতিরিক্ত কুয়াশা পড়লে আলু ও সরিষাগাছ লেইটব্লাইট রোগে আক্রান্ত হতে পারে।
জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, ইতিমধ্যে শীতার্ত মানুষের মধ্যে আট হাজার ২৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। আরও ১০ হাজার কম্বলের বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।
রংপুর: রংপুরে গত দুই দিনে সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে কুয়াশা। গতকাল বৃহস্পতিবার শহরের সুরভি উদ্যানের সামনে পুরোনো গরম কাপড়ের দোকানে হতদরিদ্র পরিবারসহ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের লোকজনের ভিড় ছিল লক্ষণীয়। দাম বেশি হওয়ায় অনেক দরিদ্র মা-বাবা সন্তানদের গরম কাপড় দিতে পারেননি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুস সালাম বলেন, শীতার্ত মানুষকে ইতিমধ্যে সাত হাজার ৩০০টি কম্বল দেওয়া হয়েছে। ৩০ হাজার কম্বল চেয়ে জরুরি বার্তা ঢাকায় পাঠানো হয়েছে। রংপুর আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ আতিকুর রহমান বলেন, গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিনে শীতের তীব্রতা আরও বাড়বে।
বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে রাতে বৃষ্টির মতো শিশির পড়ছে। বইছে হিমেল হাওয়া। গরম কাপড় না থাকায় গরিব মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় দুস্থ মানুষের সংখ্যা প্রায় ৬৬ হাজার। উপজেলার চিকলি নদী ঘেঁষে আমরুলবাড়ি জেলেপাড়া গ্রাম। গ্রামের অন্তত তিন হাজার মানুষ গরিব। গ্রামের বিধবা জমিলা বেগম (৫৬) বলেন, ‘ঘপ (হঠাৎ) করি তিন দিন থাকি খিব ঠান্ডা। নদী থাকি বাতাস খালি হড়হড় করি ঘরোত ঢোকে। ঠান্ডাত হাত-পাও কোঁকড়া নাগোছে। জাম্পার হউক, কম্বল হউক, মোক একটা দ্যানতো বাবা।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসতিয়াক আহমেদ বলেন, ‘গত কয়েক দিনের শীতে সবার কাহিল অবস্থা। ইতিমধ্যে গরিব মানুষের মধ্যে সরকারিভাবে এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরও ১৫ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে।’
নীলফামারী: নীলফামারীতে শীত জেঁকে বসেছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। জেলা সদরের টুপামারী গ্রামের ললিত বর্মণ (৭০) বলেন, ‘ভালো ঠান্ডা পইরছে, ঘর থাকি বেড়ায় যায়ছে না (বাইরে যাওয়া যাচ্ছে না)।’ কনকনে শীতের কারণে শহরের রাস্তাঘাটে লোকজনের চলাচলও কম দেখা যায়। গতকাল নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর (নীলফামারী): গতকাল সূর্যের আলো দেখা যায়নি। উপজেলার খিয়ারজুম্মা গ্রামের জুলেখা বেওয়া (৭০) বলেন, ‘হামার প্যাখে (দিকে) কাহো দ্যাখে না ব্যাহে। তেলা মাথাত ত্যাল দেয় সোবাই, হামার এখান কম্বল জোটে না।’ শীতে জবুথবু হয়ে পড়েছে গোটা উপজেলার মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো শীতার্ত মানুষের তালিকা তৈরি করা হয়নি। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শীতবস্ত্র চেয়ে কোনো চাহিদাপত্রও পাঠানো সম্ভব হয়নি। তবে এ পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে মাত্র ৫৪৫টি কম্বল এসেছে; যা চাহিদার তুলনায় নগণ্য বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিউল ইসলাম।