শীত ও কুয়াশায় ঝরে পড়ছে পান, দিশেহারা চাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে রাজশাহীর বাগমারা উপজেলায় বিভিন্ন বরজের পানপাতা ঝরে পড়তে শুরু করেছে। এ কারণে বাজারে পানের দামও কমে গেছে। ব্যাপক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন পানচাষিরা। এবার পানের সংকট হতে পারে বলেও তাঁরা আশঙ্কা করছেন।উপজেলার শ্রীপুর গ্রামের পানচাষি লোকমান আলী জানান, যেভাবে পানপাতা ঝরে পড়ছে, তাতে ১৫ দিনের মধ্যে বরজগুলো পানশূন্য হয়ে পড়বে। ইতিমধ্যে এলাকার অনেকের পানের বরজ এখন পানশূন্য হয়ে পড়েছে।রাজশাহী অঞ্চলের পান চাষের প্রধান এলাকা হিসেবে খ্যাত বাগমারার গণিপুর, শ্রীপুর, বাসুপাড়া, শুভডাঙ্গা, আউচপাড়া, গোয়ালকান্দি ও হামিরকুত্সা ইউনিয়ন এলাকায় এক সপ্তাহ ধরে পানের বরজে পাতা ঝরা শুরু হয়েছে। ইতিমধ্যে ৬০ শতাংশ পানবরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ এর সত্যতা নিশ্চিত করেছে। চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরজে ব্যাপক হারে পানপাতা হালকা লালচে হয়ে ঝরে পড়ছে। দু-এক দিনের মধ্যে গোটা গাছ পাতাশূন্য হয়ে যাচ্ছে। তাঁরা এসব পানবরজ থেকে পাতা কুড়িয়ে স্থানীয় হাটবাজারে নামমাত্র দামে বিক্রি করছেন। এর প্রতিষেধক হিসেবে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করেও প্রতিকার পাচ্ছেন না পানচাষিরা।জানা যায়, এক সপ্তাহ ধরে বাজারে পানের দামও কমে গেছে। তার পরও ক্রেতা না থাকায় অনেকে হাটবাজারেই ফেলে রাখছেন পানের গাদি। বাগমারা গ্রামের চাষি শাহজাহান জানান, কিছু দিন আগে এক পোয়া (২০৪৮টি) পান সাড়ে তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হলেও সেই পান এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। উপজেলার ভবানীগঞ্জ, তাহেরপুর, মচমইল, মোহনগঞ্জ, একডালা হাটে ঘুরে পানের ব্যাপক আমদানি ও কম দামে বিক্রি করতে দেখা যায়। অনেক হাটে বিক্রেতা থাকলেও ক্রেতা কম।বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামস্-ই-তাবরিজ জানান, তীব্র শীত ও কুয়াশার কারণে পাতা ঝরা শুরু হয়েছে। এ ব্যাপারে এলাকায় প্রচারণা চালানো এবং কিছু কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।উলিপুরে পানের বরজে পচনকুড়িগ্রামের উলিপুরে শৈত্যপ্রবাহের কারণে পানের বরজে পচন রোগ দেখা দিয়েছে। এ ছাড়া সুপারিগাছ থেকে সুপারি ঝরে পড়ছে। এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপজেলার পানচাষি ও সুপারিবাগানের মালিকেরা।তবকপুর ইউনিয়নের কিশামত তবকপুর বাড়ইপাড়া গ্রামের রঞ্জিত সরকার জানান, এক সপ্তাহ ধরে তাঁর বরজের পানপাতাগুলো পচে ঝরে পড়ছে। এতে তাঁর বরজের ৬০ ভাগ ক্ষতি হয়েছে। পাণ্ডুল ইউনিয়নের তনুরাম গ্রামের কফিল উদ্দিন ও আপুয়ার খাতা গ্রামের হজরত আলী জানান, এখন পানগাছে কোনো পাতা নেই।উপজেলার পাণ্ডুল ইউনিয়নের সুপারিবাগানের মালিক সঞ্জীব কুমার জানান, তাঁর বাগানের সুপারি প্রতিদিন ঝরে পড়ে বাগানে স্তূপ পড়ে আছে। একই কথা বলেন উলিপুর পৌর এলাকার মমিনুল ইসলাম, আবুল হোসেন ও আলম মিয়া।উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শৈত্যপ্রবাহের কারণে পানপাতা ঝরে পড়ছে। রাতের বেলা পানের বরজ পলিথিন দিয়ে ঢেকে রাখলে এ সমস্যা হতো না। সুপারি ঝরে পড়ার কারণ হিসেবে তিনি শৈত্যপ্রবাহ, পটাশের ঘাটতি ও সুপারিগাছে রসের (পানির) অভাব হয়েছে বলে উল্লেখ করেন।