শীত ও কুয়াশায় বোরোর বীজতলা নষ্ট
শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এতে ধান চাষ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা।
গত শুক্র ও গতকাল শনিবার উপজেলার কুচলিবাড়ী, দৌলতপুর, পানবাড়ী, চাত্রারপাড়, কাউয়ামারী ও সিঙ্গিমারীরপাড় গ্রামে ঘুরে দেখা যায়, বীজতলা রক্ষায় পানি ছিটাচ্ছেন কৃষকেরা। কেউ কেউ ঘন কুয়াশার হাত থেকে বাঁচতে পলিথিন ব্যবহার করছেন। তবে অধিকাংশ কৃষকই বর্গাচাষি হওয়ায় তাঁদের নিজস্ব সেচব্যবস্থা ও পলিথিন নেই। বীজতলা রক্ষায় তাঁঁরা খড় ও কলাগাছের পাতা দিয়ে বীজতলা ঢেকে রেখেছেন। ইতিমধ্যে যাঁদের বীজতলা নষ্ট হয়ে গেছে, তাঁরা নতুন করে বীজতলা তৈরির চেষ্টা করছেন।
উপসহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, মেঘলা আবহাওয়া, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কৃষকদের আদর্শ বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে।
কুচলিবাড়ী গ্রামের কৃষক শাহ্ আলম জানান, এ বছর দুই একর জমিতে বোরো চাষের জন্য তিনি ২৫ শতাংশ জমিতে বীজতলা তৈরি করেছেন। কিন্তু ঘন কুয়াশা ও তীব্র শীতের প্রকোপে ইতিমধ্যে বীজতলার সিংহভাগ চারা নষ্ট হয়ে গেছে।
পৌর সদরের চাত্রারপাড় গ্রামের কৃষক হাশেম আলী বলেন, নতুন করে বীজতলা তৈরিতে খরচ বেশি লাগছে। সময়ও পেরিয়ে যাচ্ছে। ডিজেলের দাম বেশি হওয়ায় সেচ দিতে খরচ পড়বে বেশি।
পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম বলেন, যেসব কৃষক আগেই বীজতলা তৈরি করেছেন ওই সব চারা কিছুটা কোল্ড ইনজুরিতে ভুগতে পারে। আর যাঁরা দেরিতে বীজতলা করছেন তাঁদের সমস্যা নেই। সব মিলিয়ে ধান চাষে খুব বেশি প্রভাব পড়বে না। কারণ কৃষকেরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি বীজতলা তৈরি করেছেন।