শীত-কুয়াশায় নষ্ট হচ্ছে বোরোর বীজতলা, আবাদ নিয়ে শঙ্কা
তীব্র শীত ও কুয়াশার কারণে রাজবাড়ী, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, বগুড়ার শিবগঞ্জে বোরোর বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। চারা গাছগুলো লালচে হয়ে শুকিয়ে মরে যাচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’তে আক্রান্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা সময়মতো বোরো আবাদ করতে পারবেন কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পীরগঞ্জ (ঠাকুরগাঁও): তীব্র শীত ও কুয়াশার কারণে পীরগঞ্জের বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে।গত বৃহস্পতি ও শুক্রবার উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একান্নপুর, শেখপাড়া, সিঙ্গারোল, খামার নারায়ণপুর, শাশোর গ্রামের অনেক কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে।থুমনিয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘চার মণ ধান দিয়ে বীজতলা তৈরি করেছিলাম, শীত-কুয়াশার কারণে অর্ধেক চারাই মরে গেছে, আবার বীজতলা তৈরি করার মতো বীজধানও নেই। বীজের অভাবে এবার মনে হয় বোরো চাষই হবে না।’ যেসব বীজতলায় ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ পর্যন্ত বীজ ফেলা হয়েছে, সেসব বীজতলার সিংহভাগই এখন নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলার সর্বত্র একই অবস্থা বিরাজ করছে।উপজেলা কৃষি কর্মকর্তা সহিরউদ্দীন আহম্মদ বলেন, বোরো বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হচ্ছে। কৃষি বিভাগের লোকজন গ্রামাঞ্চলের হাটবাজার ও জনবহুল এলাকাগুলোতে গিয়ে চাষিদের পরামর্শ দিচ্ছেন।গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীতে এ বছর এক হাজার ৩৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। কিন্ত অনেক বীজতলার চারা গাছগুলো ঠান্ডা ও কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কৃষক খোরশেদ শেখ ও খানখানাপুর ইউনিয়নের আবুল হোসেন জানান, তাঁদের বীজতলার বেশির ভাগ চারাই কুয়াশা ও ঠান্ডার কারণে মরে যাচ্ছে।গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের কামারডাঙ্গী এলাকার কৃষক ইউনুস আলী, দরাপেরডাঙ্গা এলাকার কৃষক আবদুল খালেক জানান, বীজতলায় পানি দিতে না পারায় অনেকের জমির বীজতলা নষ্ট হয়ে গেছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজবাড়ীর উপপরিচালক ফারুক আহমেদ বলেন, কোল্ড ইনজুরির কারণে জেলা সদর, পাংশা ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকার বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ জন্য কৃষকদের চিন্তিত হওয়ার কারণ নেই। যদি আর বেশি কুয়াশা ও ঠান্ডা না পড়ে, তাহলে তেমন একটা ক্ষতি হবে না। শিবগঞ্জ (বগুড়া): তীব্র শীতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেশির ভাগ কৃষকেরই বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে উপজেলা কৃষি বিভাগ কৃষকদের করণীয় সম্পর্কে পরামর্শ দিয়ে এলাকায় মাইকিং এবং প্রচারপত্র বিলি করছে। ভায়ের পুকুর গ্রামের কৃষক আফছার আলী বলেন, তিনি এবার বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু তীব্র শীতের কারণে বীজতলার বেশির ভাগ চারা নষ্ট হয়ে গেছে।উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘তীব্র শীতের কারণে বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকদের রাতে চারা পলিথিন দিয়ে ঢেকে রেখে হালকা গরম পানি বা শ্যালো মেশিনের পানি দিয়ে সকালে সে পানি বীজতলা থেকে বের করে দেওয়ার কথা বলছি। এতে বীজতলা রক্ষা পাবে।’