১৫ গজ লম্বা, তিন গজ চওড়া বাঁশের চাটাইয়ের বেড়ার একটি ঘর। ওপরে টিনের চাল। এর মধ্যেই চারটি শ্রেণিকক্ষ ও শিক্ষকদের একটি কক্ষ। প্রতিটি কক্ষ চাটাই দিয়ে আলাদা করা। এটি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চকরঘুনাথ-বালুদিয়ার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিদ্যালয়টির ঘরের দুই পাশের চাটাইয়ের বেড়ায় বড় বড় ফুটো। শ্রেণিকক্ষের ভেতর থেকে ফসলের মাঠ ও সড়কে চলাচলকারী লোকজন দেখতে পান শিক্ষক-শিক্ষার্থীরা। মাঠ ও সড়ক থেকেও শ্রেণিকক্ষের ভেতরের সবকিছু দেখা যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র মণ্ডল বলেন, ‘বিদ্যালয়টির অবকাঠামোগত সমস্যা রয়েছে। দরজা-জানালা নেই। এ সমস্যা সমাধানের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছি। নয় জোড়া বেঞ্চ ছাড়া কিছুই পাইনি। শীত, বর্ষা ও গরম সব সময়ই প্রচণ্ড কষ্ট হয়। গরমের সময় টিনের চালের তাপে শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থী থাকতে পারেন না। বর্ষায় বেড়ার ফাঁক দিয়ে বৃষ্টির পানি ঢোকে, শীতের সময় ঠান্ডা বাতাসে অতিষ্ঠ সবাই।’
তিনি বলেন, বিদ্যালয়টি ২০০১ সালে প্রতিষ্ঠিত। এখন ১৬৭ জন শিক্ষার্থী রয়েছে। কিছু ত্রুটি থাকায় প্রথম ও দ্বিতীয় ধাপে বিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় স্থান পায়নি। তৃতীয় ধাপের চূড়ান্ত তালিকায় এ বিদ্যালয়ের নাম আছে।
গত শনিবার সাড়ে নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, দুটি শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী বসা। গরমে ঘামছে তারা। স্কুলের সামনে গাছতলায় একজন সহকারী শিক্ষক কয়েকজন শিক্ষার্থীসহ বসে আছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুষুমা রানী দাস ও নাসরিন আখতার বলেন, বিদ্যালয়ে বিদ্যুৎ-সংযোগ নেই। প্রচণ্ড গরমে ক্লাসে থাকা যায় না। শিক্ষার্থীদের বসার পর্যাপ্ত বেঞ্চ নেই। ক্লাস শুরু হবে ১০টায়। তাই বাইরে বসে জিরিয়ে নিচ্ছেন তাঁরা।
চতুর্থ শ্রেণির ছাত্রী রিমা আখতার বলে, ‘অন্য ইশকুলগুলোতে ইটের ঘর আছে। সেখানে ফ্যান ঘোরে। আমাকের ইশকুল ভাঙাচোরা। এই জন্য খারাপ লাগে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, এখানকার শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষকতা করছেন। বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণ হলে শিক্ষকদের দুঃখ লাঘব হবে। অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।
আক্কেলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদিরুজ্জামান বলেন, চকরঘুনাথ-বালুদিয়ার প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় আছে। নিবন্ধনভুক্ত না হওয়ার কারণে বিদ্যালয়টি সরকারি কোনো সুযোগসুবিধা পায়নি।